নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় হানিফ ভূঁইয়া (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হানিফ ভূঁইয়া ওই এলাকার মো. হোসেন ভূঁইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের দত্তপাড়া বাজারে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল থেকে ২০ থেকে ২৫ জন ব্যক্তি নেমে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যান। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সেখান থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।