সবুজ পাতার আড়ালে রঙিন কমলার হাতছানি 

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরের লালমাটির টিলা ও সমতল বাগানগুলো এখন সেজেছে এক অপরূপ সাজে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা সোনালি ও হলুদ রঙের রসালো কমলা।

একসময় যে ফলটিকে কেবল সিলেট, মৌলভীবাজার কিংবা বিদেশি আমদানির ওপর নির্ভরশীল ভাবা হতো, সেই কমলা এখন বিজয়নগরের মাটিতে ফলছে ব্যাপক আকারে। রসে টইটম্বুর আর স্বাদে অনন্য হওয়ায় স্থানীয় এই কমলা ইতোমধ্যেই সাধারণ ক্রেতা ও পাইকারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের লালমাটি মূলত লিচু, কাঁঠাল, আনারস, পেয়ারা, বড়ই ও মাল্টা চাষের জন্য প্রসিদ্ধ। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের কৃষকরা বাণিজ্যিকভাবে ‘দার্জিলিং’ ও ‘চায়না’ জাতের কমলা চাষে ঝুঁকেছেন। অল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই তুলনামূলক কম হওয়ায় দিন দিন বাড়ছে কমলা বাগানের সংখ্যা। ফরমালিনমুক্ত ও শতভাগ নিরাপদ হওয়ায় বাগান থেকেই কেজি প্রতি ২০০ টাকা দরে বিক্রি হয়ে যাচ্ছে এসব কমলা। B. Baria Orange 4

বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কমলা চাষি মো. খোকন মিয়া তার বাগানের পরিচর্যা করতে করতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "শুরুতে যখন ৪০ শতক জমিতে কমলার চারা রোপণ করি, তখন প্রতিবেশীরা অনেকেই হাসাহাসি করেছিল। কিন্তু কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী জৈব সার আর সঠিক পরিচর্যা করার পর তৃতীয় বছর থেকেই গাছে বাম্পার ফলন আসতে শুরু করে। এ বছর আমার বাগানের প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি করে কমলা ধরেছে। বাজারে নেওয়ার আগেই পাইকাররা বাগান থেকে অগ্রিম টাকা দিয়ে ফল কিনে নিচ্ছেন। খরচ বাদ দিয়ে এবার ৩ থেকে ৪ লাখ টাকার মতো লাভ থাকবে বলে আশা করছি।

কমলার এই বাম্পার ফলনের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন বিকেল হলেই বিজয়নগরের বাগানগুলোতে ভিড় জমাচ্ছেন অসংখ্যদর্শনার্থী ও ক্রেতাদের ভিড়। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা গাছ থেকে নিজ হাতে তাজা কমলা পেরে কিনছেন এবং ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থী মেহেরুন্নেছা সুমি বলেন, "ফেসবুকে বিজয়নগরের কমলা বাগানের ছবি দেখে বিশ্বাসই হচ্ছিল না, যে আমাদের জেলার মাটিতে এত সুন্দর কমলা হয়! সরাসরি বাগানে এসে গাছভর্তি কমলা দেখে মন ভরে গেল। এখানকার কমলাগুলো বাজারের কেনা কমলার চেয়ে অনেক বেশি মিষ্টি ও রসালো। বাচ্চাদের নিয়ে দারুণ একটি সময় কাটালাম, বাড়ির জন্যও  তাজা কমলা কিনে নিয়ে যাচ্ছি। B. Baria Orange 5

আরেক জন দর্শনার্থী তারিন আক্তার রুমি বলেন বিজয়নগর এলাকাটা অনেক সুন্দর পরিবেশ মন ভাল করে দেয়ার মত। কমলা বাগানে এসে খুব ভাল লেগেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনা - বিজয়নগরের এই সাফল্য নিয়ে কথা হয় ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক ড. মোস্তুফা এমরান হোসেন সাথে। তিনি বলেন, "বিজয়নগরের লালমাটি ও এখানকার আবহাওয়া সাইট্রাস জাতীয় ফল যেমন—মাল্টা ও কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা শুরু থেকেই কৃষকদের উন্নত মানের রোগমুক্ত চারা সরবরাহ, প্রুনিং (ডাল ছাঁটাই) এবং জৈব বালাইনাশক ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আসছি। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এভাবে চাষ সম্প্রসারিত হতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বিজয়নগর দেশের অন্যতম প্রধান কমলা উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্বীকৃতি পাবে। B. Baria Orange

পাহাড় আর সমতলের মেলবন্ধনে বিজয়নগরের এই কমলা বিপ্লব কেবল কৃষকদের ভাগ্যই বদলে দেয়নি, বরং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও কৃষি পর্যটনের এক অপার সম্ভাবনা তৈরি করেছে। সঠিক পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে বিজয়নগরের এই সোনালি কমলা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।