গোপালগঞ্জে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জে চুরির অভিযোগে বাবুল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রবিবার দিবাগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে সিঁধ কেটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বাবুল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।

এ সময় পালানোর চেষ্টা করলে বাবুলকে ধাওয়া করে আটক করেন স্থানীয়রা। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।