ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

মাদরাসায় কায়দা পড়া শেষে বাড়ি ফিরছিল সাত বছরের শিশু আফরোজা খাতুন। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। পথেই পেছন থেকে একটি অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে সে। অটোরিকশার চাকা তার বুকের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের সঞ্চয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরোজা খাতুন (৭) ঈশ্বরগঞ্জ ইউনিয়নের দড়িপাচাশি গ্রামের ফারুক মিয়া ও আঙ্গুরা দম্পতির মেয়ে। সে তার নানা আবুল কাশেমের (৬০) বাড়িতে থাকত। প্রতিদিনের মতো সোমবার সকাল সাতটার দিকে সঞ্চয়পুর মাদরাসায় কায়দা পড়তে যায় সে।

শিশুর চাচা এরশাদ বলেন, সকালে মাদরাসায় কায়দা পড়তে গিয়েছিল আফরোজা। পড়া শেষ করে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নানা আবুল কাশেম জানান, তার নাতনি সকালে মক্তবে কায়দা পড়তে গিয়েছিল। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নাতনির এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে বলে জানা গেছে। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।