মুরাদনগরে প্রাক্তন স্বামীর হাতে নারী খুন

কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
 
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ খুনের ঘটনা ঘটে।
 
নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ হয়।
 
তাদের সংসারে সুমাইয়া আক্তার নামে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকে মেয়েকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করছিলেন শরিফ। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম।
 
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, কন্যাসন্তান সুমাইয়াকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় সুখিয়ার ওপর ক্ষুব্ধ ছিলেন শরিফ। এরই জেরে সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজারে তিনি সুখিয়া বেগমকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।