চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, ১৬ বছর পর মামলা

নাটোরের বড়াইগ্রামে চাঁদাবাজি ও কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতিসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেনকে রোববার (১৫ নভেম্বর) রাতে আটক করেছে পুলিশ।

গত ১৩ নভেম্বর বিএনপির কর্মী ও ব্যবসায়ী বয়েন উদ্দিন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন। পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করা হয়।

আটক আলমগীর হোসেন বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া মহল্লার তাইজুল ইসলাম তাজেলের ছেলে। মামলার বাদী বয়েন উদ্দিন উপজেলার কাচুটিয়া গ্রামের মকছেদ আলীর ছেলে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ন্যাপের সভাপতি আব্দুর রহিম, কেএম জাকির হোসেনের ভগ্নিপতি গোলাম রসুল মধু, পৌর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি অমর ডি কস্তা, সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান, জোয়াড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুন ও জিয়াউর রহমান, সাবেক সদস্য খাদেমুল বাশার এবং উপজেলা যুবলীগের সাবেক সদস্য নাজমুল হক শেখ। এ ছাড়া মামলায় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়ী বয়েন উদ্দিনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০১০ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় বনপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কালিকাপুর ফজলীতলা গাজী বাড়ির সামনে তাঁর ওপর হামলা চালানো হয়।

এ সময় চাইনিজ কুড়াল, হাসুয়া ও রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে তাকে মৃত ভেবে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। এরপর একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের নির্যাতনের কারণে বর্তমানে তিনি পঙ্গুত্বের জীবনযাপন করছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী বয়েন উদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণে একাধিকবার মামলা করার চেষ্টা করেও সফল হননি তিনি। পরে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রায় ১৬ বছর অপেক্ষা করে ন্যায়বিচারের আশায় মামলাটি করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।