খুলনা হারলেই চ্যাম্পিয়ন সিলেট

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে একদিন হাতে বড় জয়সহ ডাবল বোনাস পয়েন্ট তুলে শিরোপার লড়াই জমিয়ে দিয়েছে সিলেট বিভাগ। আজ বরিশাল বিভাগকে ইনিংস ব্যবধানে হারিয়ে সাত রাউন্ড শেষে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে দলটি। এখন তাদের চোখ খুলনা বিভাগ বনাম রংপুর বিভাগের ম্যাচের ফলের দিকে। কাল শেষ দিনে রংপুরের কাছে খুলনা হেরে গেলেই শিরোপা উঠবে সিলেটের হাতে। তবে ম্যাচটি ড্র করতে পারলেও চ্যাম্পিয়ন হবে খুলনা। ফলে এনসিএলের একদম শেষ দিনে এসে নির্ধারিত হবে শিরোপাভাগ্য।

সিলেটে অবশ্য তৃতীয় দিন শেষে রংপুরের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে নেই খুলনা। বর্তমান চ্যাম্পিয়নরা দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৪ রান তুলে ২০০ রানের লিড নিয়েছে। হাতে থাকা শেষ উইকেট নিয়ে কাল আরও লিড বাড়াতে চাইবে রংপুর। খুলনার সামনে সমীকরণ পরিষ্কার, এ ম্যাচে হার এড়াতে পারলেই শিরোপা জিতবে তারা। অন্যদিকে মোহাম্মদ মিঠুনদের পরাজয় মানেই সিলেটের শিরোপা উৎসব। রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ৩২২ রান করে দলটি। সেঞ্চুরি করেন নুরুল হাসান সোহান। ৯৪ রানে গতকাল তৃতীয় দিন শুরু করে ১০৫ রানে থামেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৪তম সেঞ্চুরি। তবু ১৬ রানে পিছিয়ে থাকে খুলনা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শক্ত অবস্থানে আছেন আকবর আলীরা।

এদিকে খুলনায় বরিশালের বিপক্ষে সিলেটের জয়টি এসেছে দাপুটে পারফরম্যান্সে। প্রথম ইনিংসে বরিশালকে ২২৮ রানে অলআউট করে নিজেরা ৩৮৯ রান করে সিলেট। ১৬১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বরিশাল মাত্র ১২৩ রানে গুটিয়ে যায়। তাতে ইনিংস ও ৩৮ রানের জয় পায় সিলেট। এই জয়ের সুবাদে ইনিংস ব্যবধানে জয়ের একটি এবং টানা দুই ম্যাচ জেতার আরেকটি বোনাস পয়েন্ট পেয়েছে দলটি। দুই বোনাস পয়েন্টই শিরোপার লড়াইয়ে তাদের এগিয়ে দিয়েছে। 

সিলেটের বড় সংগ্রহ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আশরাফুল হাসান। ৪ উইকেটে ২৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৭৪ বলে ১১৩ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বরিশাল। দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নিয়ে ম্যাচের নায়ক আবু জায়েদ রাহি। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়ে ম্যাচে মোট ১০ উইকেট পূর্ণ করেন এই পেসার।

এ ছাড়া অন্য দুই ম্যাচেও লড়াই চলছে। সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ময়মনসিংহ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭৯ রান তুলে ১৪২ রানে এগিয়ে রয়েছে। রাজশাহীর হয়ে প্রীতম কুমার করেন ১০৮ রান। অন্যদিকে রাজশাহীতে ঢাকার বিপক্ষে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩১ রান তুলে ২২৭ রানে এগিয়ে আছে। তবে শিরোপার মূল সমীকরণ এখন খুলনা ও সিলেটকে ঘিরেই।