‘হিন্দুস্তান কারও একার সম্পত্তি নয়’

ইন্দোরে কড়া বার্তা দিলজিতের

বোমা হামলার হুমকি, প্রশাসনিক বিধিনিষেধ এবং একের পর এক বিতর্ক। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ইন্দোরে মঞ্চ মাতালেন দিলজিৎ দোসাঞ্ঝ। রবিবার (১৫ নভেম্বর) নিজের 'আউরা' ট্যুরের অংশ হিসেবে ইন্দোরে পারফর্ম করেন গায়ক। অনুষ্ঠান বাতিল হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে দর্শকদের উপচে পড়া ভিড়ের সামনে গান শোনান তিনি। তবে অনুষ্ঠানে চারটি গান গাওয়ার অনুমতি না পাওয়ার প্রসঙ্গেও মঞ্চ থেকে মুখ খোলেন দিলজিৎ। আর সেই বক্তব্যে ফের উঠে আসে ইন্দোরের বিখ্যাত কবি রাহত ইন্দোরির কবিতা। 

কনসার্ট থেকে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন দিলজিৎ। সেখানে মঞ্চে দাঁড়িয়ে গায়ককে বলতে শোনা যায়, 'এটা গাওয়া যাবে না, ওটা গাওয়া যাবে না। এটা করা যাবে না, ওটা করা যাবে না।' এরপরই রাহত ইন্দোরির বিখ্যাত পঙ্‌ক্তি উদ্ধৃত করেন তিনি, 'হামারে মুহ সে জো নিকলে ওহি সদাকত হ্যায়, হামারে মুহ মে জুবান তুমহারি থোড়ি হ্যায়।' অর্থাৎ, আমাদের মুখ থেকে যা বেরোয়, সেটাই সত্যি। আমাদের মুখের ভাষা অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এরপর আরও বলেন, 'সবহি কা খুন শামিল হ্যায় ইয়াহাঁ, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়।' অর্থাৎ, এই দেশ গড়তে সকলের অবদান রয়েছে, হিন্দুস্তান কারও একার সম্পত্তি নয়। 

এর আগেও নিজের 'দিল-লুমিনাটি' ট্যুরের সময় ইন্দোরে একই কবিতা আবৃত্তি করেছিলেন গায়ক। সেই সময় বজরং দলের প্রতিবাদের মুখে পড়েছিল তাঁর অনুষ্ঠান। মাদক ও অ্যালকোহলের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিল সংগঠনটি।