রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থী শিল্পা চাকমার স্মরণে প্রবর্তিত 'শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি'র আওতায় ২০২৭ সালের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পরিচালিত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের শীতকালীন সেমিস্টারে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ব্যবসায় প্রশাসন ও ফ্যাশন ডিজাইন বিভাগে স্নাতক পর্যায়ে শতভাগ বৃত্তিতে অধ্যয়নের সুযোগ পাবেন।
উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাঁদের সৃজনশীল ও পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করা এ বৃত্তির অন্যতম উদ্দেশ্য।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, 'আমাদের উদ্দেশ্য, শিল্পা চাকমার স্মৃতিকে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির একটি স্থায়ী উদ্যোগে রূপ দেওয়া। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশের মাধ্যমে তাঁদের শিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এ বৃত্তির মূল লক্ষ্য।'