'ব্রাজিল প্রতিযোগিতা করার মতো পর্যায়ে নেই',- স্বীকার করলেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে হতাশার হারের পর ২০২৬ সালের শেষ ম্যাচে মাঠে নামার আগে নিজের কাজ ও দলের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ স্বীকার করেছেন যে, জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স প্রত্যাশার চেয়ে পিছিয়ে রয়েছে এবং দলটিকে বিশ্বমঞ্চে ফের শক্তিশালী ও প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে তাকে আরও অনেক বেশি কাজ করতে হবে।

আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেন, ‘এটি একটি নতুন দায়িত্ব, এখানে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তবে আমার নিজের মূল্যায়ন হলো—যা করা হয়েছে তা যথেষ্ট নয়। আমাকে আরও অনেক কিছু করতে হবে এবং আমি করবও। আমি এখানে থাকতে পছন্দ করি, জাতীয় দলের হয়ে কাজ করতে ভালোবাসি এবং দলের উন্নতি আমাকে করতেই হবে। ব্রাজিলকে আবারও বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ দল হিসেবে গড়ে তুলতে আমার আরও বেশি প্রচেষ্টা দরকার।’

সাম্প্রতিক ব্যর্থতার পর ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোমারিওর তীব্র সমালোচনার মুখে পড়েছেন আনচেলত্তি। রোমারিও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইতালিয়ান কোচের অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছিলেন। এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘এটি বাকস্বাধীনতা এবং একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। রোমারিও নিজের মতামত দিয়েছেন, আর সত্য, মিথ্যা বা আবলুস তাবুল—সবকিছু বলারই সবার অধিকার আছে। সত্যি কথা হলো, রোমারিও অনেক বেশি কথা বলেন, আর সেটাই তার অধিকার।’
 

দলের বর্তমান রদবদল ও তরুণদের সুযোগ দেওয়ার প্রক্রিয়া নিয়ে আনচেলত্তি জানান, নভেম্বর মাসের এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে দলের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর্ব শেষ হচ্ছে। তিনি বলেন, ‘এটি স্পষ্টতই পরীক্ষা-নিরীক্ষার সময়। আমরা গ্যাব্রিয়েল বন্টেম্পো, আন্দ্রে, জোনাথন জেসুসসহ নতুন খেলোয়াড়দের পরীক্ষা করে দেখছি। দল গঠন, নতুনদের সুযোগ দেওয়া এবং একই সঙ্গে তাৎক্ষণিক ফলাফল পাওয়া—এই দুটি বিষয় একসঙ্গে মেলানো যায় না। আমাদের রক্ষণভাগে আক্রমণভাগের চেয়েও বেশি উন্নতি করতে হবে। তবে ভবিষ্যতে একটি শক্তিশালী জাতীয় দল গড়ে তোলার সঠিক পথেই আমরা আছি।’

সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচের একাদশ নিয়ে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন যে, শুরুর একাদশে কিছু পরিবর্তন আনা হবে। জাপানের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে সাসপেন্ড থাকায় এই ম্যাচে তিনি ডাগআউটে থাকতে পারবেন না; তার পরিবর্তে সহকারী কোচ ফ্রান্সেসকো মৌরি দায়িত্ব পালন করবেন। আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, সিঙ্গাপুরের বিপক্ষে ফরোয়ার্ড লাইনে লালকার্ডে নিষিদ্ধ রাফিনহার পরিবর্তে মূল একাদশে খেলবেন এনদ্রিক, আর তার সঙ্গে থাকবেন এস্তেভাও ও ভিনিয়ুস জুনিয়র। এছাড়া রায়ানকে বাঁ দিকের মিডফিল্ড পজিশনে পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, এটি হতে যাচ্ছে আনচেলত্তির অধীনে ব্রাজিলের ২২তম ম্যাচ। এর আগের ২১ ম্যাচে আনচেলত্তির অধীনে সেলেসাওরা ১২টিতে জয়, ৪টিতে ড্র এবং ৫টিতে পরাজিত হয়েছে; যেখানে দল গোল করেছে ৪৭টি এবং হজম করেছে ২১টি। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।