বর্তমান সরকার চলতি বছর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৯৫০.৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ সব কথা জনান।
প্রশ্নে মোসা. ফরিদা ইয়াসমিন জানতে চান, বিগত সরকারের রাখি যাওয়া বিদেশী ঋণের বোঝা হইতে দেশকে মুক্ত করিবার লক্ষ্যে বর্তমান সরকার বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করিয়াছে কিনা: করিলে, তাহা কী; এবং এই পর্যন্ত বর্তমান সরকার কী পরিমাণ ঋণ পরিশোধ করিয়াছে?
উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনশীল মাত্রায় রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বৈদেশিক ঋণ বাস্তবায়নের জন্য কোনো নতুন প্রকল্প গ্রহণের পূর্বে এসব প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে যেন বৈদেশিক ঋণে নতুন কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা হয়। একই সাথে বৈদেশিক ঋণের প্রকল্পগুলো যাতে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠণ ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ হয় এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে।
বিশেষ করে উচ্চ সুদের ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার মার্চ ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ২৯৫০.৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করিয়াছে।