রোনালদোর দেশের ক্লাবের মালিকানায় বাংলাদেশী!

ইউরোপের ফুটবলে যুক্ত হলো বাংলাদেশের নাম। পর্তুগালের একটি ফুটবল ক্লাবের মালিকানা নিয়েছে বাংলাদেশি বিনিয়োগকারীর নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আর্গোনাট স্পোর্টস ক্যাপিটাল। ক্লাবটির নতুন মালিকানায় রয়েছেন বাংলাদেশি বিনিয়োগকারী ইশতিয়াক রউফ। এর মধ্য দিয়ে ইউরোপীয় ফুটবলের সঙ্গে বাংলাদেশের ফুটবলের নতুন সংযোগ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

ক্লাবসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার ক্লাবটির মালিকানা অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। নতুন মালিকপক্ষের পরিকল্পনা, বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্টদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা। বিশেষ করে তরুণ প্রতিভা খুঁজে বের করা, একাডেমিতে প্রশিক্ষণ এবং খেলোয়াড়দের ইউরোপে খেলার সুযোগ তৈরিতে আগ্রহী তারা। ক্লাবসংশ্লিষ্ট ওই সূত্রটি জানায়, ‘ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চাই আমরা। প্রতিভা অন্বেষণ, একাডেমি প্রশিক্ষণ এবং খেলোয়াড়দের দলবদলের ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে।’

বাংলাদেশি মালিকানায় আসা ক্লাবটির নাম জিডি সাও রোক। ১৯৬০ সালের ১২ আগস্ট প্রতিষ্ঠিত ক্লাবটি পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের সাও মিগেল দ্বীপের পন্তা দেলগাদায় অবস্থিত। শুরুতে স্থানীয় জনগোষ্ঠীর ক্রীড়া সংগঠন হিসেবে যাত্রা করা ক্লাবটি কয়েক দশক ধরে বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বর্তমানে ক্লাবটি পর্তুগিজ ফুটবলের পঞ্চম স্তরের আঞ্চলিক প্রতিযোগিতা ক্যাম্পেওনাতো দে ফুতেবল দোস আজোরেসে খেলছে। ২০২৫—২৬ মৌসুমে ১৮ ম্যাচে ১২ জয়, তিন ড্র ও তিন হারে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে তারা। পর্তুগিজ ফুটবলবিষয়ক তথ্যভান্ডার জেরোজের তথ্য অনুযায়ী, মৌসুমজুড়েই ভালো পারফরম্যান্স করেছে দলটি। শুধু সিনিয়র দল নয়, বয়সভিত্তিক ফুটবলেও রয়েছে ক্লাবটির সাফল্য। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং আঞ্চলিক পর্যায়ে ফুটবলের বিকাশে কাজ করাই ছিল ক্লাবটির অন্যতম লক্ষ্য।

জিডি সাও রোক ক্লাব

নতুন মালিকপক্ষ ক্লাবটিকে আরও আধুনিক, টেকসই ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করতে চায়। স্থানীয় খেলোয়াড়দের একাডেমির মাধ্যমে গড়ে তোলার পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ফুটবলারদের ইউরোপীয় ফুটবলে প্রবেশের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের। বাংলাদেশের জন্য এই মালিকানা পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রতিভাবান তরুণ ফুটবলাররা পর্তুগালে উন্নত প্রশিক্ষণ, একাডেমিতে অনুশীলন এবং পেশাদার ফুটবলে নিজেদের প্রতিষ্ঠার সুযোগ পেতে পারেন। ইউরোপের ফুটবলে বাংলাদেশি বিনিয়োগের এই উদ্যোগ তাই দেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।