জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন, অভিযোগ নাকচ অর্থমন্ত্রীর

বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়ার যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এ প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। গত বছরের জুনে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে ম্যাক্সিম গ্রুপের ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এনেক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্ট গ্রুপের ৩ হাজার ৪০০ কোটি টাকা রয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো সংকটের মুখে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া হবে এবং এ খাতে সরকারের হস্তক্ষেপ বন্ধ করা হবে।

সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধে ২০২৪ সালের পর থেকে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ওই ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কী যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের মানদণ্ড ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি করা হবে কি না, তা-ও জানতে চান তিনি। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমা জানতে চান।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে এমডি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে একটি প্যানেল থেকে প্রার্থীদের সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রার্থী সরকারি না বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন, তা বিবেচ্য নয়।

অর্থমন্ত্রী বলেন, শুধু এমডি নিয়োগ নয়, ব্যাংকের পরিচালনা পর্ষদেও প্যানেল থেকে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি। ভবিষ্যতেও এমন নিয়োগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরছে। ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার পরিবর্তে নিট আমানতের পরিমাণ বাড়ছে। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে এবং পুনঃমূলধনীকরণ প্রক্রিয়াও এগিয়ে চলছে। ভবিষ্যতে এ প্রক্রিয়ার সুফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।