সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ পাশ

জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ পাস হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। পরে সংসদে বিলটি পাস হয়।

বগুড়া ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার বিধান রেখে বিলটি প্রণয়ন করা হয়েছে।

বিলটির উদ্দেশ্য হলো, বগুড়া ও পার্শ্ববর্তী এলাকার ভূপ্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগসহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা।

এর আগে গত ৯ নভেম্বর জাতীয় সংসদে বিলটি উত্থাপন করা হয়। পরে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও সুপারিশসহ প্রতিবেদন উপস্থাপনের জন্য বিলটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির তৃতীয় বৈঠকে বিলটির বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন পেশ করা হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ধারাবাহিকতায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার ফলে বগুড়া ও এর সন্নিহিত এলাকার দীর্ঘমেয়াদি পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে বলে আশা করা হচ্ছে।