কড়াইল বস্তির দিকে বিশ্ববাসীর চোখ

ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে পোড়া ভিটায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে একটি পরিবার। এই ছবিটি এখন সারা দুনিয়ায় ভাইরাল। কয়েক দিন আগে এই অসাধারণ মানবিক মুহূর্তের ছবি তুলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ১৫তম হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে গ্র্যান্ড প্রাইজ বা সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান। এই গ্র্যান্ড প্রাইজ জেতার সারাবিশ্বের চোখ এখন কড়াইল বস্তির দিকে।

কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা নতুন নয়। এখানে প্রায় আগুন আগে। আগুনে পুড়ে মানুষ সর্বস্ব হারায়, তারপর আবার তারা উঠে দাঁড়ায়। গত কয়েক বছরে এখানে বেশ কয়েকবার বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বছর ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই বস্তির আটটি ঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘুমন্ত অবস্থায় মারা যান শাহরিয়ার রহমান শুভ্র নামের এক তরুণ।

২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি মধ্যরাতের আগুনে পুড়ে যায় বহু ঘর। একই বছরের ২৫ নভেম্বরের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় কয়েক শ দোকান ও হাজার খানেকের বেশি সেলাই মেশিন। ২০২৪ সালের ২৪ মার্চের আগুনে ক্ষতিগ্রস্ত হন প্রায় তিন হাজার মানুষ। পুড়ে যায় ৩৫০টির বেশি বসতঘর। একই বছরের ডিসেম্বরে আবারও আগুনে পুড়ে যায় বেশ কিছু ঘরবাড়ি।
বারবার অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে পথে বসছেন কড়াইল বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষ। আগুনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বারবার আগুন লাগার কী কারণ? ফায়ার সার্ভসের সূত্রে জানা যায, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের অন্যতম কারণ হলো অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ । ঘনবসতিপূর্ণ এই বস্তির অনেক স্থানে অনিরাপদভাবে বিদ্যুতের তার সংযুক্ত করা হয়েছে। এসব সংযোগে ত্রুটি কিংবা শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি রান্নার কাজে গ্যাস লাইন ও এলপিজি সিলিন্ডারের ব্যবহারও বাড়াচ্ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। গ্যাসের পাইপে ছিদ্র, সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ কিংবা অসতর্ক ব্যবহারের কারণে আগুন বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এ ছাড়া টিন, কাঠ, বাঁশ ও প্লাস্টিকের মতো অতি দাহ্য পদার্থ দিয়ে বস্তির ঘরগুলো অত্যন্ত ঘনভাবে তৈরি বলে একটি ঘরে আগুন লাগলে তা দ্রুত আশপাশের ঘরগুলোতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হলো-এর ভেতরের সংকীর্ণ সড়ক। অনেক জায়গায় রাস্তা এতটাই সরু যে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। এমনকি পানির পাইপ টেনে আগুনের উৎসে পৌঁছাতেও বেগ পেতে হয়। ফলে আগুন লাগার পর দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না।

সংশ্লিষ্টরা মনে করছেন, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নিশ্চিত করা, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার, অগ্নিনির্বাপণ সরঞ্জাম সহজলভ্য করা এবং জরুরি চলাচলের পথ উন্মুক্ত রাখা জরুরি। একই সঙ্গে বস্তিবাসীদের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোও দরকার।

জানা যায়, ১৯৮০ সালের পর থেকে কড়াইল বস্তিতে মানুষের বসবাস শুরু হয়। বর্তমানে এখানে প্রায় ৩ লাখের বেশি মানুষের থাকে। ১৬০ একরেরও বেশি আয়তনের কড়াইল বস্তি প্রধানত দুটি অংশে বিভক্ত। একটি অংশ জামাইবাজার (ইউনিট-১), আরেকটি বউবাজার (ইউনিট-২)। বউবাজার আবার ক, খ, গ ও ঘ- এই চারটি ভাগে বিভক্ত। এ ছাড়া কড়াইল বস্তির অন্তর্ভুক্ত রয়েছে বেলতলা, টিএন্ডটি, বাইদার, এরশাদনগর ও গোডাউন বস্তি।