বিএনপি কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের টাউন স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা নাজিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। তারা এসব কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন। একই সঙ্গে নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা।