বাংলাদেশে মার্কিন বিনিয়োগের নতুন দুয়ার খুলল

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে মার্কিন অর্থায়ন এবং বেসরকারি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএফসি। সংস্থাটির মতে, বাংলাদেশের এ যোগ্যতা অর্জন দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি পুঁজি ব্যবহারের সুযোগ বাড়াবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং বিনিয়োগের ঝুঁকি কমাতে সংস্থাটির সহযোগিতা পাওয়ার পথ তৈরি হবে।

ডিএফসি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখতে পারে। এসব উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সার্বভৌমত্ব সুরক্ষায়ও সহায়তা মিলবে।

সংস্থাটির ভাষ্য, অনেক সম্ভাবনাময় ও বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প কেবল অর্থায়নের অভাব কিংবা বিনিয়োগ ঝুঁকির কারণে বাস্তবায়ন করা সম্ভব হয় না। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমনের সুবিধা কাজে লাগিয়ে এ ধরনের প্রকল্পে বিনিয়োগের প্রতিবন্ধকতা কমানো সম্ভব হবে।

এর ফলে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও গতিশীল হতে পারে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে—এমন বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়ক প্রকল্পগুলোতে অর্থায়ন দেশটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নিতেও ভূমিকা রাখবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি এ অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। এ ক্ষেত্রে ডিএফসির অর্থায়ন দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে সহায়ক হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বিকাশমান বেশ কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের ক্ষেত্রে অঞ্চলটির গুরুত্ব অনেক বেশি।

মুক্তবাজার অর্থনীতির নীতিতে আঞ্চলিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণে কাজ করছে ডিএফসি। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগ কাজে লাগিয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বিস্তারের উদ্যোগও নিচ্ছে সংস্থাটি।