রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।

ইউট্যাবের রাবি শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান।

তিনি বলেন, জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা তাদের জানাজায় ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়টিও তিনি তুলে ধরেন।

আওয়ামী লীগ ও জাসদের রাজনৈতিক ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, বিএনপির সঙ্গে বিরোধে জড়ানো রাজনৈতিক শক্তিগুলোর পরিণতিও একই রকম হতে পারে। জিয়া পরিবারের প্রতি জনগণের আস্থাকে জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম শক্তি বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বক্তব্য দেন ইউট্যাবের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম। তিনি বলেন, স্বাধীনতার পর ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে দেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি দেখা গেছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজ করছিল। সেই সংকটময় পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন, পরবর্তী ১৭ বছরে বিএনপি, ছাত্রদল ও জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীরা নানা নির্যাতন ও প্রতিকূলতার শিকার হয়েছেন। দীর্ঘ সংগ্রাম ও গণঅভ্যুত্থানের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, প্রক্টর, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও ছাত্রদলের নেতা-কর্মীরা।