আখাউড়ায় ১৪০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৬–২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।

উপজেলার ১ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সরিষার আবাদ বাড়াতে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি সরিষার বীজ বিনামূল্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাম্মানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

কৃষি প্রণোদনার মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।