অলিম্পিকে রোলার স্কেটিং নিতে সব করব: কায়েস আহমেদ

রোলার স্কেটিংকে অলিম্পিক পর্যায়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি কায়েস আহমেদ সেলিম। শুক্রবার (১৩ নভেম্বর) ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতি কায়েস আহমেদ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলনের পরিচালনায় ফেডারেশনের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সংকট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কমিটির সদস্য ও সাবেক স্কেটাররা খেলাটির উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

আলোচনায় দেশের রোলার স্কেটিংয়ের প্রধান অন্তরায় হিসেবে আন্তর্জাতিক মানের ট্র্যাক ও অনুশীলনের মাঠের অভাবের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। বিদেশি স্কেটারদের মতো দেশের খেলোয়াড়দেরও আন্তর্জাতিক ট্র্যাকে অভ্যস্ত করতে দ্রুত মানসম্মত ট্র্যাক নির্মাণের জন্য সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে স্কেটিংয়ের পরিসর বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

খেলোয়াড়দের আধুনিক সরঞ্জামের সংকট নিরসনে বিশেষায়িত স্পিড স্কেটিং বুট, উন্নত চাকা ও বিয়ারিংসহ প্রয়োজনীয় সরঞ্জাম সহজলভ্য করার জন্য সরকারি-বেসরকারি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া অর্থায়ন বা স্পন্সর সংকট কাটাতে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার প্রস্তাব দেন সদস্যরা।

সভায় খেলোয়াড়দের আবাসন ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমে খেলাটির সাফল্য তুলে ধরে নতুন প্রজন্মকে আকৃষ্ট করার কথা বলা হয়। এছাড়া রাজধানীর শাহবাগের জিয়া শিশু পার্কে হারানো স্কেটিং ট্র্যাকের সুযোগ ফিরিয়ে আনার দাবি উঠলে সভাপতি তা বাস্তবায়নের আশ্বাস দেন।

সভা শেষে ফেডারেশন কার্যালয়ের নিচে অনুশীলনরত শিশু স্কেটারদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন শীর্ষ নেতৃবৃন্দ।

গত ৯ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে কায়েস আহমেদ সেলিমকে সভাপতি ও মাসুদ আহমেদ মিলনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ২৯ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করা হয়।