নেতানিয়াহু ‘এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না : আইজেনকট

বেনিয়ামিন নেতানিয়াহু ‘সরকারপ্রধান হিসেবে আর এক মিনিটও থাকতে পারেন না’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পাওয়া নেতা গাদি আইজেনকট।

নেতানিয়াহুর এক সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর গত রবিবার এ মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার প্রতিনিধিদের বৈঠকের পরপরই এ মন্তব্য করেন আইজেনকট। ইসরায়েলের সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠদের আচরণ ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’

নির্বাচনে আরব দলগুলো রেকর্ড আসন পাওয়ার পর ভোট জালিয়াতির অভিযোগ তোলেন নেতানিয়াহু। তবে এ দাবির কোনো ভিত্তি পায়নি কর্তৃপক্ষ। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ জানায়, নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ- ইদো নরডেন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এমন এক ব্যক্তির যোগাযোগ করিয়ে দেন, যিনি গোয়েন্দা সূত্র হিসেবে পরিচিত। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।