অভিমত

ডা. শাহাদাতের নিয়ত পরিষ্কার

ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী

পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

আমি আমার নিজের পক্ষ থেকে এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও আপনাদের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ডা. শাহাদাত  হোসেন সাহেবকে তার দুই বছর সফলভাবে পার করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আপনি দুটি বছর পার করেছেন, আশা করি এরপরও চট্টগ্রামের মেয়র হিসেবে আরও লম্বা সময় সফলভাবে পার করবেন। দুই বছর সময়টি দৃশ্যমান বড় কিছু করে দেখানোর জন্য খুব দীর্ঘ কোনো সময় নয়; কিন্তু একজন মানুষের ‘নিয়ত’ বা মানসিকতা বোঝার জন্য এই দুই বছর সময়টি যথেষ্ট। গত দুই বছরে মেয়র সাহেবকে যেভাবে দেখেছি, তাতে উনার নিয়ত পরিষ্কারভাবে বুঝা গেছে। তিনি অসম্ভব রকমের আন্তরিক। প্রতিটি ওয়ার্ডে ফোকাস করে উনি যেভাবে কাজ করছেন, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, নিজের শ্রম ও সময় দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয় এবং আমাদের তা স্বীকার করা উচিত।

আমরা সবাই জানি, উনি যখন মেয়রের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন পরিস্থিতি খুব একটা সহজ ছিল না; বরং একটি অত্যন্ত জটিল ও সংকটময় সময়ে উনি মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। আমি এ কথা বলছি না যে সব সংকট কেটে গেছে, তবে উনি এখনো সমানভাবে চেষ্টা ও কষ্ট করে যাচ্ছেন। নির্দিষ্ট লক্ষ্যে পেঁৗঁছানোর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে এবং প্রতিটি ওয়ার্ডে কাজের ফোকাস রেখে এগিয়ে যেতে হবে। ডা. শাহাদাত হোসেন ঠিক এই কাজটিই করে যাচ্ছেন।