‘আজ বাড়িতে গুলি করেছি কাল তোর শরীরে করব...’

চট্টগ্রামে জাফর আহমদ নামে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে গত ১০ মাস ধরে মোবাইলফোনে কল করে আসছিল দুর্বৃত্তরা। কিন্তু ওই ব্যবসায়ীর সাড়া না পেয়ে গত রবিবার গভীর রাতে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, ‘আজ বাড়িতে গুলি করেছি, কাল তোর শরীরে করব, কাফনের কাপড় কিনে রাখিস।’

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, চাঁদা চেয়ে তার কাছে কল করা ব্যক্তিটি হলেন চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হান। যাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের জন্য র্দীঘদিন ধরে হন্যে হয়ে খুঁজছে। কিন্তু তার নাগাল পাচ্ছে না। পুলিশের ভাষ্য, ইতিমধ্যে চট্টগ্রামের অপরাধ জগতের অনেক বাঘা বাঘা

সন্ত্রাসী পুলিশের জালে এলেও দুর্ধর্ষ অপরাধী রায়হান এখনো অধরা। 

জেলা পুলিশ জানায়, ব্যবসায়ী জাফর আহমদের বাড়ি নগরের বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহীদনগর এলাকায়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। জাফর আহমদের দাবি, বিদেশি একটি  হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বারবার ফোন করে তার কাছে চাঁদা দাবি করে আসছেন রায়হান। সর্বশেষ গত বুধবারও তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।

তিনি বলেন ‘রবিবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে আমার বাড়ির ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই কক্ষে কেউ থাকতেন না। তবে গুলিতে জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই আগের নম্বর থেকে আমাকে ফোন করা হয়। ফোনে কাফনের কাপড় কিনে রাখার হুমকি দেওয়া হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, দুটি মোটরসাইকেলে করে চারজন গিয়ে জাফর আহমদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি শটগানের খালি কার্তুজ ও ৭.৬২ বোরের পিস্তলের পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। জাফর আহমদকে হুমকি দেওয়া ‘সন্ত্রাসী’ রায়হান বড় সাজ্জাদের অনুসারী রায়হান কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানায়, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত রায়হান ও ডেভিড ইমন গত প্রায় তিন বছর ধরে তার নামে চাঁদাবাজি করে আসছিলেন। গত জুলাইয়ে ডেভিড ইমন গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর থেকে রায়হানের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে রায়হান এক ফেসবুক পোস্টে দাবি করেন, তার অজ্ঞাতসারে নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র চাঁদাবাজি করছে। রায়হানের তার বাড়িও রাউজান উপজেলায়।