এবার তুরাগ দখলমুক্ত করতে ৫৬৭ কোটি টাকার প্রকল্প

রাজধানীর পাশের তুরাগ নদ দখলমুক্ত ও দূষণ নিয়ন্ত্রণে ৫৬৭ কোটি ৪ লাখ টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। এর আওতায় নদের তলদেশ থেকে প্রায় ২৩ লাখ ৫০ হাজার ঘনমিটার দূষিত পদার্থ অপসারণ, পুনঃখনন এবং পানির ধারণক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি তুরাগ নদ ও আশপাশে গড়ে তোলা হবে ইকো-বাফার জোন। তবে দূষণের মূল উৎস কলকারখানার বর্জ্য নিঃসরণ বন্ধ করতে না পারলে এ ধরনের প্রকল্প শুধু অর্থের অপচয় হবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। আগামীকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম : তুরাগ নদের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় সমন্বিত দূষণ পর্যবেক্ষণ ও প্রয়োগ ব্যবস্থা’ শীর্ষক একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। তবে ১৮৩ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পে বিদেশে প্রশিক্ষণ গ্রহণ ও বিলবোর্ড স্থাপনে অতিরিক্ত ব্যয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। পরে গত ৪ নভেম্বর একনেক সভায় উপস্থাপন করা হলেও প্রকল্পটি অনুমোদন পায়নি। এবার একনেক সভায় তুরাগ নদের দূষণ নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি প্রকল্প ‘মেট্রো ঢাকা প্রকল্প : গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদ সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়)’ অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

জানা গেছে, রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো দীর্ঘদিন ধরে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য, রাসায়নিক পদার্থ ও ভারী ধাতুর কারণে দূষণের শিকার হচ্ছে। বিশেষ করে তুরাগ নদের দুই পাড়ে গড়ে ওঠা টেক্সটাইল, ডায়িং মিলসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য নদের পানিতে মিশে পানির গুণগত মান নষ্ট করছে। পাশাপাশি নদের জায়গা দখল ও মাটি ভরাটের কারণে এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং ক্রমেই সংকুচিত হচ্ছে নদের প্রশস্ততা।

তুরাগ নদের অবৈধ দখল ও ভয়াবহ দূষণ নিয়ে দেশের শীর্ষস্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে গভীর উদ্বেগ প্রকাশ করছে। সরকারে এসব প্রকল্প নদীরক্ষায় কোনো কাজে আসছে না বলে মনে করছেন তারা। এজন্য নিয়মিত তদারকির  মাধ্যমে দূষণ-দখলের মূল কারণ খুঁজে টেকসই সমাধানের দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘মেট্রো ঢাকা প্রকল্প : গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদ সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়)’ নামের প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ৫৬৭ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকার মধ্যে সরকারি তহবিল থেকে ১৪২ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ থেকে ৪২৪ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকা ব্যয় করা হবে। চলতি বছরের মে মাসে শুরু হয়ে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় তুরাগ নদের বর্জ্য ব্যবস্থাপনাসহ ২৬ লাখ ৯০ হাজার ঘনমিটার গ্রাব ড্রেজিং এবং ১৩ লাখ ৩ হাজার ঘনমিটার পুনঃখনন ও ড্রেজিং করা হবে। এ ছাড়া ৫ হাজার ৩৫ মিটার ওয়াকওয়ে নির্মাণ, ২ কিলোমিটার এলাকায় ইকোসিস্টেম উন্নয়ন এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুটি যান্ত্রিক ট্রাস র‌্যাক স্থাপন করা হবে। দ্বিগুণ খাল ও রূপনগর খালের জন্য এসব র‌্যাক বসানো হবে। এ ছাড়া ৯১টি ফাউন্টেন কাম এরেটর স্থাপন, পানির গুণগত মান নিশ্চিত করতে একটি প্ল্যান্ট স্থাপন, তিনটি পাম্প হাউজ পুনর্বাসন বা মেরামত এবং এসব কাজের জন্য একটি পাওয়ার স্থাপনা নির্মাণ করা হবে। প্রকল্প ব্যবস্থাপনার জন্য ২২৬ বর্গমিটারের একটি অফিসও নির্মাণ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে তুরাগ নদের ২০ দশমিক ১০ কিলোমিটার অংশের তলদেশ থেকে প্রায় ২৩ লাখ ৫০ হাজার ঘনমিটার ক্রমপুঞ্জীভূত দূষিত পদার্থ অপসারণ ও নিষ্কাশন করা হবে। একই সঙ্গে তুরাগ নদ ও গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এলাকার (জিআরপিএ) চারপাশে ইকো-বাফার জোন গড়ে তোলা হবে। এতে নদ ও রিটেনশন পন্ড এলাকার সংরক্ষণ, সুরক্ষা এবং পানির ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি অবৈধ দখল রোধ করা সম্ভব হবে।

এই উদ্যোগ বাস্তবায়নের প্রধান অন্তরায় হলো নদীর পরিবেশগত অবস্থা ও পানির মানের ওপর ক্রমাগত দূষণ ও চাপ, নগর ও অর্থনৈতিক উন্নয়ন, উচ্চ ও নিম্ন নদীপ্রবাহ এবং জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত চ্যালেঞ্জ। ফলে ঢাকার আশপাশের নদী পুনরুদ্ধারে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বহুমাত্রিক ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ প্রেক্ষাপটে ঢাকাকে ভবিষ্যতের জন্য আরও বাসযোগ্য, টেকসই, জলবায়ু-সহনশীল ও অর্থনৈতিকভাবে প্রতিযোগিতামূলক শহরে রূপান্তরের লক্ষ্যে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পটির বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির দেশ রূপান্তরকে বলেন, ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে এর আগেও অনেক প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু এসব প্রকল্পের কথা শুনলেই এক ধরনের আতঙ্ক তৈরি হয়। কারণ প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছে এসব প্রকল্প আয়ের বড় উৎস হয়ে ওঠে। তারা সব সময় বড় প্রকল্প নেওয়ার সুযোগ খোঁজে।

তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণের নামে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, পানির গুণগত মান যাচাই এবং নদীতে মাছ বা জলজ প্রাণীর বসবাসের উপযোগিতা নির্ধারণে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। অথচ দূষণের মূল উৎস কলকারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে না। এসব দূষণের উৎস বন্ধ করতে না পারলে যত প্রকল্পই নেওয়া হোক, তা শুধু অর্থের অপচয় হবে। প্রয়োজনে দূষণকারী কারখানাগুলোকে সহজ শর্তে ঋণ দিয়ে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনে সহায়তা করা যেতে পারে। তা না হলে প্রতি বছর এ ধরনের প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও নদীর দূষণ কমবে না। বরং পরিবেশ, প্রকৃতি, জনস্বাস্থ্য ও অর্থনীতি ক্রমেই ক্ষতিগ্রস্ত হবে।