ছাত্রদলের পিটুনির পর জবির ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) রাতে ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িক বহিষ্কৃত কর্মকর্তারা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।

সোমবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন। একই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠনের কথাও জানান তিনি।

উপাচার্য বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কয়েকজন কর্মকর্তা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন।

তিনি আরও বলেন, রেজোয়ান নামের এক শিক্ষার্থী কিছুদিন আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক হয়েছিলেন। ওই ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে অভিযুক্ত কর্মকর্তাদের আটক করে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পরে তাদের প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ঘটনার পর বিভিন্ন দপ্তরের চার কর্মকর্তাকে ছাত্রদলের নেতারা ধরে তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় তাদের মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি বলেন, কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জমা দিতে বলা হয়েছে। সবকিছু পর্যালোচনা করে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

অন্যদিকে, কর্মকর্তাদের প্রক্টর অফিসে নিয়ে আসার পর শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তারা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে চাকরি পাওয়া ব্যক্তিরাও বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ছাত্রদলের সহনশীলতাকে দুর্বলতা ভেবে তারা গত কয়েক দিন ধরে অপকর্মে জড়িয়েছেন।

রাতে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য বলেন, কর্মকর্তারা ছাত্রলীগের পদধারী ছিলেন এবং তাদের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক বক্তব্যের ভিত্তিতে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, পুরো ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে কারও নৈরাজ্য ও নাশকতায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।