যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাহিদ ইসলাম অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এ সময় এনসিপির নেতাকর্মী ও উপস্থিত ব্যক্তিরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার আগে নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ছেড়ে যান।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে যে নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছে, তার কিছু চিত্র যুক্তরাজ্যেও দেখা যাচ্ছে। এ পরিস্থিতির জন্য বর্তমান সরকার দায়ী।
তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিল্লিতে পাঠিয়েছে। কিন্তু এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়ও রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দেওয়ার চেষ্টা হয়েছে। বিএনপির একটি অংশ এ পুনর্বাসন প্রক্রিয়ায় কাজ করেছে।
তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে বিএনপি অসহায় হয়ে বিরোধী দলের সহযোগিতা চাইছে। কারণ, আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।
নিজের দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িঘরে আগুন দেওয়ার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওই ঘটনাকে শর্টসার্কিটের দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন। অথচ সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলার দায় স্বীকার করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট শক্তিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, তখনই তিনি সতর্ক করেছিলেন, বিরোধী দলের বাড়িতে আগুন লাগার ঘটনায় দায়মুক্তি দেওয়া হলে একদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও আগুন জ্বলতে পারে। যুক্তরাজ্যে এসে তিনি দেখছেন, দেশে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির সদস্যসচিব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এতে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ, মানবসম্পদবিষয়ক সম্পাদক ডা. জাহেদুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) প্রকৌশলী কামরুল আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) আরাফাত আলিফ খান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সালেহ আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য মো. মজিবুল আলম হিমেল, ইনকিলাব মঞ্চ ইউকের আহ্বায়ক বেলাল হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক তসলিমা তাজ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সদস্যসচিব মুফতি সালেহ আহমেদ এবং সাংবাদিক তাইসির মাহমুদ।
উপস্থিত ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতা আনাস খন্দকার, হাবিব আহমেদ, ব্যারিস্টার সালমা বেগম ও হ্যাপি শারমিন; সংগঠনটির আহ্বায়ক মাকসুদুল হক শাকুর, সদস্যসচিব ইঞ্জিনিয়ার মেরাজ আজিজ এবং মুখ্য সংগঠক নাইমুল ইসলাম।
অনুষ্ঠান শেষে হামলার বিষয়ে নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত জানান নাহিদ ইসলামের সফরসঙ্গী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সামান্য উৎপাত করা ছাড়া অনুষ্ঠান চলাকালে কোনো বিঘ্ন ঘটাতে পারেনি। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হওয়ার শেষ মুহূর্তে কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে হামলা চালানো হয়।
আলাউদ্দীন মোহাম্মদ আরও বলেন, নাহিদ ইসলামের গণসংবর্ধনা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে অসাধারণ বক্তব্য দিয়েছেন। অনুষ্ঠান পণ্ড করতে না পেরে আওয়ামী লীগের লোকজন বাইরে জড়ো হয়ে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সবার অংশগ্রহণে তাঁরা অভিভূত।
তবে অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নাহিদ ইসলাম যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।