লিওনেল মেসি নিজে এর আগে একাধিকবার জানিয়েছেন যে, বুটজোড়া তুলে রাখার পর কোচিং নয়, বরং স্পোর্টস ম্যানেজমেন্ট বা ক্রীড়া ব্যবস্থাপনায় নিজেকে জড়াতে চান তিনি। এমনকি ভাই ও বন্ধুদের সঙ্গে বিভিন্ন ক্লাবে বিনিয়োগ করে সেই পথচলাও শুরু করে দিয়েছেন তিনি।
কিন্তু তাঁর চিরচেনা সতীর্থ ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ভাবছেন সম্পূর্ণ ভিন্নভাবে। কোস্টারিকা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি জানালেন, মেসির ক্যারিয়ারের সমাপ্তি এখনই দেখছেন না তিনি। ২০৩০ সাল পেরিয়েও তাঁকে মাঠে দেখতে পাওয়ার প্রবল আশার কথা শোনানোর পাশাপাশি, ডাগআউটেও তাঁকে বরণ করে নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।
মেসির ভবিষ্যৎ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমার মনে হয় সে খেলা চালিয়ে যাবে। সে খেলতেই থাকবে, ২০৩০ সালের পরও সে খেলা চালিয়ে যাবে। জাতীয় দলকে সে ইতোমধ্যে না বলে দিয়েছে, তবে আশা করি একজন ফুটবলার হিসেবে যতদিন সম্ভব সে খেলা চালিয়ে যাবে।’
এদিকে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফে বড় একটি শূন্যতা তৈরি হতে যাচ্ছে। স্কালোনির দায়িত্ব নেওয়ার শুরু থেকেই ছায়াসঙ্গী হিসেবে থাকা সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল এবার নিজের একক কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। স্যামুয়েলের বিদায়ের পর তাঁর জায়গায় মেসিকে কোচিং প্যানেলে যুক্ত করার কোনো সম্ভাবনা আছে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে দারুণ ইতিবাচক ইঙ্গিত দেন স্কালোনি। মেসিকে ডাগআউটে আমন্ত্রণ জানিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তবে কোনো সমস্যাই নেই। এখন যেহেতু ওয়াল্টার চলে যাচ্ছে, দেখুন... সে আসতেই পারে।’
তবে মেসি না এলে আপাতত স্যামুয়েলের শূন্যস্থান পূরণে বাইরে থেকে নতুন কাউকে যুক্ত করার পরিকল্পনা নেই বলেও পরিষ্কার করেছেন স্কালোনি। দীর্ঘদিনের সহকর্মীর বিদায় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও যোগ করেন, নীতিগতভাবে আমরা নতুন কাউকে যুক্ত করছি না। আমাদের বিশ্বাস, আমরা যেভাবে আছি সেভাবেই চালিয়ে যেতে পারব এবং সেটিই করার চেষ্টা করব। প্রয়োজনে বয়সভিত্তিক দলগুলোর খেলোয়াড়রা সাহায্য করতে পারে, তবে সেটি ভবিষ্যতের ব্যাপার। ওয়াল্টার আমাদের আগেই জানিয়েছিল যে সে নিজের মতো করে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে। আমার এই বন্ধুর প্রতি চিরন্তন কৃতজ্ঞতা এবং তার জন্য শুভকামনা। সে এই কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং নিজের যাত্রা শুরু করাটাই তার জন্য সঠিক সিদ্ধান্ত।’