ক্রিশ্চিয়ানো রোনালদো-পরবর্তী যুগের শুরুটা মোটেও সুখকর হয়নি পর্তুগালের জন্য। উয়েফা নেশনস লিগের ম্যাচে গত শনিবার ডেনমার্কের কাছে ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছে সেলেসাওরা। ব্রাগার মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে জায়ান্ট স্ক্রিনে রোনালদোর ছবি দেখিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হলেও, সেই আয়োজনে মন গলেনি কিংবদন্তির মা দোলোরেস আভেইরোর।
উল্টো ছেলের বিদায়ের পর পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) ও জাতীয় দলের সতীর্থদের আচরণ নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। শুধু তা-ই নয়, পর্তুগালের এমন বড় পরাজয়ে তিনি নিজে বেশ খুশি হয়েছেন বলেও অকপটে স্বীকার করেছেন।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এসআইসি নোতিসিয়াস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চাপা ক্ষোভ উগড়ে দেন দোলোরেস আভেইরো। ছেলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তিনি যে এখনো ভীষণ ব্যথিত, তা জানিয়ে রোনালদোর মা বলেন, ‘তাঁর সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, তা আমাকে খুব কষ্ট দিয়েছে এবং আমি এখনো ব্যথিত। এটি (ডেনমার্কের বিপক্ষে হার) ছিল ওদের প্রাপ্য পরাজয়; আমি খুশি হয়েছি।’
ম্যাচের মাঝে মাত্র কয়েক মুহূর্তের জন্য জায়ান্ট স্ক্রিনে ছবি দেখিয়ে রোনালদোকে যেভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে, তা মোটেও পছন্দ হয়নি আভেইরোর। ফেডারেশনের এই দায়সারা আয়োজনের কড়া সমালোচনা করে তিনি জানান, রোনালদোর প্রকৃত সম্মান ও সংবর্ধনা হবে তাঁর শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনেই। ‘সংবর্ধনাটি তাঁর উপস্থিতিতেই হওয়া উচিত ছিল। এই সংবর্ধনা এখন স্পোর্টিংয়ে (যে ক্লাব থেকে তাঁর পেশাদার ক্যারিয়ার শুরু) অনুষ্ঠিত হবে। সেখানেই তাঁর প্রকৃত মূল্যায়ন করা হয়।’
শুধু ফেডারেশনই নয়, জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থদের ওপরও চরম বিরক্ত রোনালদোর মা। বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বরা রোনালদোকে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা পাঠালেও পর্তুগাল দলের সতীর্থদের কাছ থেকে তেমন কোনো উষ্ণতা মেলেনি বলে অভিযোগ তাঁর। এমনকি রোনালদো নিজেও একইরকম অনুভব করছেন বলে দাবি করেন তিনি।
সিআরসেভেনের সতীর্থদের আচরণের সমালোচনা করে দোলোরেস বলেন, ‘আমার মনে হয় না তারা তাঁকে কোনো সম্মান বা স্নেহ দেখিয়েছে। তারা তাঁকে সম্মান করেনি। এমনকি তাঁর সতীর্থরাও নয়। সে (রোনালদো) নিজেও ঠিক এমনটাই অনুভব করে।’
মায়ের এমন বিস্ফোরক মন্তব্যে পর্তুগিজ ফুটবলে যখন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে, তখন মাঠের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় জর্জ জেসুসের দল। আজ মঙ্গলবার কার্ডিফ সিটি স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল।