ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিতে দেবেন না বলে আশ্বাস দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আর কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায় না। এ সংঘাত ১০ বা ১৫ বছর তো নয়ই, এমনকি দুই বছর ধরে চলুক, সেটিও প্রশাসন চায় না।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এসব কথা বলেন। এ সময় তিনি ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই বলেও দাবি করেন। তার ভাষ্য, সংঘাতের অবসান ঘটানোই প্রেসিডেন্টের লক্ষ্য; একে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে পরিণত করা নয়।

ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নিন না কেন, এমন কিছু মানুষ থাকবেন, যারা আরও বেশি কিছু চাইবেন এবং যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যেতে আগ্রহী হবেন।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্পর্কে আমি বেশ আত্মবিশ্বাসী। সংঘাতের অবসান যেভাবেই ঘটানো হোক না কেন, তিনি এটিকে কোনোভাবেই আরেকটি অন্তহীন যুদ্ধে পরিণত হতে দেবেন না। এ বিষয়ে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত চলার মধ্যেই যুদ্ধের ব্যয় ও স্থায়িত্ব নিয়ে দেশটিতে বিতর্ক বাড়ছে। ভ্যান্সের দাবি, কিছু সমালোচক ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক যুক্তরাষ্ট্রকে অনির্দিষ্টকাল এ সংঘাতে জড়িয়ে রাখতে চান। তবে বিদেশে দীর্ঘস্থায়ী যুদ্ধে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ভোটারদের কাছে গিয়েছিল ট্রাম্প প্রশাসন।

ভ্যান্স বলেন, ‘অনেক নব্য রক্ষণশীল ও অন্যরা আমাদের সেখানে চিরকাল রাখতে চাইলেও আমরা থাকব না। আমরা ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এমনটি করব না।’

ট্রাম্প শেষ পর্যন্ত এমনভাবে যুদ্ধের অবসান ঘটাবেন, যাতে মার্কিন জনগণ বড় ধরনের সুফল পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ট্রাম্পের সমালোচনা থেকে সুরক্ষা দিতে প্রস্তুত ভ্যান্স

সাক্ষাৎকারে ইরান সংঘাত মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন ভ্যান্স।

যুদ্ধের বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার কোনো মতপার্থক্য রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি তা নাকচ করেন। প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে কোনো বিভেদ নেই বলে দাবি করেন তিনি।

তবে সংঘাতের কারণে রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে বলে স্বীকার করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বিশেষ করে জ্বালানি ও পেট্রলের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বলে জানান তিনি।

ভ্যান্স বলেন, ‘রাজনৈতিকভাবে এর মূল্য দিতে হচ্ছে। প্রেসিডেন্ট নিজেও বিষয়টি স্পষ্টভাবে বলেছেন। পেট্রল ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রাজনৈতিক ক্ষতি হয়েছে।’

ইরান-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়ে নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনারও জবাব দেন তিনি। তার অভিযোগ, ট্রাম্পকে সরাসরি আক্রমণ করতে না পেরে সমালোচকদের কেউ কেউ তাকে লক্ষ্যবস্তু করছেন।

এ প্রসঙ্গে ভ্যান্স বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য সমালোচনার ঢাল হতে আমি খুশি।’