ছন্দহীনতার ব্যাখ্যায় মেসি-রোনালদোকে টানলেন ভিনিসিয়ুস

মাঠের পারফরম্যান্সে চিরচেনা সেই ধার নেই, রিয়াল মাদ্রিদের জার্সিতে শুরুটাও হয়েছে ভীষণ মলিন। নতুন কোচ হোসে মরিনহোর অধীনে ১২ ম্যাচে মাত্র ১ গোল আর ৩ অ্যাসিস্ট। পরিসংখ্যানই বলে দিচ্ছে কেবল নিজের ছায়া হয়ে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। 

তার ওপর আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দে লেফট উইংয়ে দুর্দান্ত শুরু করায় স্প্যানিশ সংবাদমাধ্যমে ভিনিসিয়ুসকে ঘিরে সমালোচনার পারদ চড়ছে ক্রমেই। অবশেষে নিজের এই ছন্দহীনতা নিয়ে নীরবতা ভাঙলেন ব্রাজিলিয়ান তারকা। অফফর্মের পেছনে বিশ্বকাপ-পরবর্তী কম অনুশীলন ও দলবদলের গুঞ্জনকে দায়ী করার পাশাপাশি ধারাবাহিকতা ধরে রাখার প্রশ্নে টেনে এনেছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর উদাহরণ।

আগস্টে ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করলেও, এর আগে আর্সেনালসহ ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের আগ্রহের কারণে দলবদলের বাজারে বেশ আলোচিত ছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই মানসিক চাপ এবং বিশ্বকাপ থেকে ব্রাজিলের দ্রুত বিদায়ের ধাক্কা সামলাতে গিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ঘাটতি থেকে গিয়েছিল বলে স্বীকার করেছেন তিনি। 

সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সোমবার সিঙ্গাপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপের পর আমি যতটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম, আমার মনে হয় তা পারিনি; কারণ ওই টুর্নামেন্টের প্রভাব সব ব্রাজিলিয়ানের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। এত দ্রুত ছিটকে পড়াটা আমাদের প্রত্যাশায় ছিল না। তাই ছুটির সময়টা আমি নিজেকে উপভোগ করতে, বিশ্রাম নিতে এবং পরিবারকে বেশি সময় দিতে কাজে লাগিয়েছি। ফলে আগের বছরগুলোর তুলনায় অনুশীলন কম হয়েছে। মৌসুমের শুরুতে এটিই হয়তো আমার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।’ 

দলবদলের বাজারে নানা ক্লাবের আগ্রহ আর রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের জটিলতা যে তাঁকে মানসিকভাবে চাপে ফেলেছিল, তা অকপটেই মেনে নিয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। এ নিয়ে তিনি যোগ করেন, ‘এর ওপর চুক্তি নবায়নের বিষয়টি তো ছিলই। গত গ্রীষ্মে এত এত ক্লাব আগ্রহ দেখানোয় এবং রিয়াল মাদ্রিদের পরিস্থিতির কারণে আমি সত্যিই কিছুটা দিশেহারা বোধ করছিলাম। তবে মৌসুমটা এখনো অনেক লম্বা।’ 

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে নিজের সেরা ফর্মে ফেরার অতীত রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে ভিনিসিয়ুস দাবি করেন, দীর্ঘ সময় ধরে একই ছন্দে পারফর্ম করা যেকোনো ফুটবলারের জন্যই কঠিন, যেখানে ব্যতিক্রম কেবল মেসি ও রোনালদো। নিজের মানবিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে ভিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এমন উচ্চমানের পারফরম্যান্স ধরে রাখা সব সময়ই খুব কঠিন। আমার মনে হয় কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিই এত বছর ধরে একই ধরনের পরিসংখ্যান গড়ে এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন। আমি তো মানুষ, প্রায়ই ভুল করি, তবে সব সময়ই উন্নতি করার চেষ্টা করি।’ 

মরিনহোর অধীনে রিয়ালে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পাওয়া ভিনিসিয়ুস অবশ্য জাতীয় দলের জার্সিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন। শনিবার জাপানের বিপক্ষে ব্রাজিলের ৩-২ গোলে হারের ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। চলমান ফিফা উইন্ডোতে নিজেদের শেষ ম্যাচ আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে সেলেসাওরা। সেখানেও আগের ম্যাচের ধরে রেখে ছন্দহীনতার প্রলেপ মুছার চ্যালেঞ্জ নিয়েই নামবেন ভিনিসিয়ুস।