উত্তাল সাভার-গাজীপুর: সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল। সাভারের হেমায়েতপুর এবং গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাভারে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড এবং গাজীপুরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সকাল থেকে চলা এই অস্থিরতায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়, তবে বেলা ১২টার পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি ও পদ্মার মোড় এলাকায় স্টারলিং গ্রুপসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, একই সময়ে আশুলিয়ার জামগড়া, খেজুর বাগান, নরসিংহপুর ও জিরাবো এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরাও কর্মবিরতি পালন করে সড়কে নামার চেষ্টা করেন।
 
সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও রাজফুলবাড়ী এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
 
ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় বেলা ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। উদ্ভূত পরিস্থিতিতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার বেশ কয়েকটি কারখানায় আজকের মতো ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকাতেও সকাল সাড়ে ৮টা থেকে একটি কারখানার সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এর কিছুক্ষণের মধ্যেই আশপাশের একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করা হলে হাজারো শ্রমিক রাস্তায় নেমে আসেন।
 
সকাল সোয়া ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ভোগড়া থেকে টাঙ্গাইলমুখী সড়কের ডিভাইডার ভেঙে রাস্তায় ফেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও শ্রমিকেরা সড়ক ছাড়েননি। ভোগড়া থেকে নাওজোর পর্যন্ত মহাসড়কের দুই পাশে গলায় পরিচয়পত্র ঝুলিয়ে হাজারো শ্রমিককে বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে অবস্থান নিতে দেখা যায়।

শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে দীর্ঘদিন ধরেই শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, গতকাল সোমবার মজুরি বোর্ডের নির্ধারিত সভায় নতুন ন্যূনতম মজুরি বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার প্রত্যাশা করেছিলেন শ্রমিকেরা। কিন্তু সেই সভা হঠাৎ পিছিয়ে দেওয়ায় শ্রমিকেরা কোনো তথ্য পাননি এবং হতাশা থেকে আজ নতুন করে বিক্ষোভে ফেটে পড়েছেন।

সাভারের সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেক শ্রমিক কারখানায় হাজিরা দিয়ে বাসায় ফিরে গেছেন।
 
বাগবাড়ি এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, এলাকার অন্য সব কারখানায় স্বাভাবিক কাজ চলছে, কেবল স্টারলিং গ্রুপের শ্রমিকেরাই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, মহাসড়ক অবরোধমুক্ত রাখতে পুলিশের সবকটি ইউনিট একযোগে কাজ করছে।
 
গাজীপুরের ভোগড়া এলাকায় পরিস্থিতি সামাল দিতে কাজ করছে ট্রাফিক ও শিল্প পুলিশ। তবে এ বিষয়ে শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে।