লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ক্ষত ভুলে বছর শেষের মিশনে নামছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে আলবিসেলেস্তে শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে মূল একাদশে ফিরছেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। শুধু গোলবারের নিচেই নয়, উরুগুয়ের বিপক্ষে জেরোনিমো রুলির হাতে থাকা অধিনায়কের আর্মব্যান্ডও পাচ্ছেন চেলসির এই তারকা গোলরক্ষক।
একইসঙ্গে শেষ আন্তর্জাতিক ম্যাচে একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তনের ইঙ্গিত দিলেও গোলপোস্টে মার্তিনেজের ফেরার বিষয়টি শতভাগ নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
২০২৬-২৭ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডে চেলসি ও এভারটনের মধ্যকার ম্যাচে চোয়ালের হাড়ে চিড় ধরেছিল মার্তিনেজের। শুরুতে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকার আশঙ্কা করা হলেও, অদম্য মানসিকতায় দ্রুত সেরে উঠে নভেম্বরের শুরুতেই কার্বন ফাইবার মাস্ক পরে অনুশীলনে ফেরেন তিনি।
উরুগুয়ের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে তাঁকে না খেলানো নিয়ে নানা জল্পনা থাকলেও, মূলত ঝুঁকি এড়াতেই বিশ্রাম দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্কালোনি। কোস্টারিকা ম্যাচের আগে কর্দোবায় আয়োজিত সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন। ‘এমিলিয়ানো খেলবে, সে মাঠে থাকবে। আগের ম্যাচের জন্যও হয়তো সে ফিট ছিল, তবে সেটি একটি ঝুঁকি হয়ে যেত। যেহেতু জেরো (রুলি), হুয়ান (মুসো) এবং সান্তির (বেলত্রান) ওপর আমাদের পূর্ণ আস্থা আছে, তাই আমরা তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়তি তিন দিন সময় পাওয়ায় সিদ্ধান্তটি বিচক্ষণ ছিল, তাই আগামীকাল সে খেলছে।’
কোস্টারিকার বিপক্ষে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে নিজের ৭১তম আন্তর্জাতিক ম্যাচ পূর্ণ করবেন মার্তিনেজ। ২০২১ সালের জুনে অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭০ ম্যাচে ৫৪ জয় ও ১০ ড্রয়ের বিপরীতে মাত্র ৬টি হারের মুখ দেখেছেন তিনি; যেখানে ক্লিন শিট রেখেছেন ৪৫টি ম্যাচে।
মার্তিনেজের ফেরার নিশ্চয়তা দিলেও দলের বাকি পজিশনগুলোতে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন স্কালোনি। উরুগুয়ে ম্যাচের একাদশ থেকে চার-পাঁচটি পরিবর্তন আসতে পারে জানিয়ে তিনি নতুনদের পরখ করে দেখার ইঙ্গিত দিয়েছেন। রক্ষণভাগে গঞ্জালো মন্তিয়েলের জায়গায় রাইট-ব্যাকে অগাস্টিন গিয়ায় এবং নিকোলাস তাগলিয়াফিকোর বদলে লেফট-ব্যাকে রোমান ভেগাকে দেখা যেতে পারে। সেন্টার-ব্যাকে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গী হিসেবে ফাকুন্দো মেদিনা অথবা লিওনার্দো বালের্দির মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে পারেন কোচ।
মাঝমাঠে এক্সেকুয়েল পালাসিওসের জায়গায় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের সঙ্গে জুটি বাঁধতে এগিয়ে আছেন ম্যাক্সিমো পেরোনে। এ ছাড়া আক্রমণভাগে থিয়াগো আলমাদার পরিবর্তে সুযোগ পেতে পারেন তরুণ জিয়ানলুকা প্রেস্তিয়ানি, যাঁর সঙ্গে থাকবেন নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ। সব মিলিয়ে বড় পরিবর্তনের ছোঁয়ায় চেনা ‘দিবু’কে সঙ্গে নিয়েই ২০২৬ সালকে জয় দিয়ে বিদায় জানানোর লক্ষ্য আর্জেন্টিনার।