সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুলে পাথর বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানান, সকালে কুয়াশার ভেতরেই আলীম ও ঠান্ডু নামের দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথর বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করে।