ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকার ধামরাইয়ে তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আব্দুল হালিম নামে এক দিনমজুর আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির গেটের সামনে, বালিথা এলাকার একেএইচ গার্মেন্টসের সামনে এবং মহিষাষী বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত আব্দুল হালিম জানান, তিনি মহিষাষী বাজারে বসে ছিলেন। এ সময় পূর্ব দিক থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পশ্চিম দিকে চলে যায়। বিস্ফোরণের পর ছিটকে আসা ককটেলের অংশ তার আঙুলে আঘাত করলে সেটি ফেটে যায়। তিনি উপজেলার সানোড়া ইউনিয়নের নওহাটা এলাকার বাসিন্দা। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

এদিকে, এসব বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা বেন ই আমিন বলেন, দেশকে অস্থিতিশীল করা এবং নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাওয়ালীপাড়া বাজারে বিস্ফোরণের ঘটনাটি পুলিশ ফাঁড়ির সামনে নয়, ওয়ালটন শোরুমের সামনে ঘটেছে। 

তিনটি স্থানে বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অন্য কোনো স্থানে বিস্ফোরণের তথ্য পুলিশের কাছে নেই। যে ঘটনার খবর পেয়েছেন, সেটির ভিত্তিতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করা হচ্ছে।