চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের চলমান কর্মকাণ্ড জানাতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে সরকারের এই তদারকি প্রক্রিয়া কীভাবে পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে অতীতে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন, যা কোনো সমস্যা নয় এবং প্রজাতন্ত্রের কর্মচারীরাও স্বাভাবিকভাবেই তাদের দায়িত্ব পালন করছেন।
কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি নিষিদ্ধ ঘোষিত দলটির সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে তা অত্যন্ত উদ্বেগজনক ও ভয়ংকর বিষয়। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখছে উল্লেখ করে তিনি জানান, ‘সরকারের নিজস্ব ‘‘মেকানিজম’’ এবং পর্যাপ্ত হাতিয়ার রয়েছে, যার মাধ্যমে সরকার প্রয়োজনীয় যেকোনো তথ্য সংগ্রহ করতে সক্ষম।’ এ সময় সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে দেশের তৈরি পোশাক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি আশ্বস্ত করেন যে, দ্রুততম সময়ের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে। ইতোমধ্যে শ্রমিকদের জীবনযাত্রার মান সহনীয় রাখতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনুপ্রবেশ করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তাদের যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে সরকারের গোয়েন্দা ও প্রশাসনিক নজরদারি জোরদার রয়েছে।
দ্বিপক্ষীয় ইস্যুতে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান জানান, চুক্তিটি নবায়নের ব্যাপারে বাংলাদেশ সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে অপরপক্ষ অর্থাৎ ভারতের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আপডেট বা সাড়া পাওয়া যায়নি। ফলে চুক্তিটি নবায়নের কোনো সুনির্দিষ্ট সম্ভাবনা এখনো দৃশ্যমান নয়। এ ছাড়া পানি চুক্তির বিষয়টির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে।
এদিকে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ধরনের সহিংস কার্যক্রম সরকার সহ্য করবে না এবং যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। সেখানে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে কম বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, সুস্থ ধারার যাত্রাপালা বা সার্কাস পরিচালনায় কোনো বাধা নেই, তবে এর আড়ালে কোনো ধরনের অশ্লীলতা বরদাশত করা হবে না।