নাটোরে ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত, চালক আহত

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই  ট্রাক ব্রিজের নিচে পড়ে রিপন (২৯) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ (৪৩) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের  ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন (২৯) পাবনা জেলার ইসলামপুর গ্রামের রনির ছেলে। আহত ট্রাকচালক মাসুদ একই এলাকার আক্তার হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুর থেকে চালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথে নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ডালসড়ক এলাকার আয়চান ব্রিজের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার রিপন পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহত অবস্থায় চালক মাসুদকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, ভোরে ঘন কুয়াশা ও ড্রাইভারের ঘুমের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।