রিকশা চালালেন প্রিন্স উইলিয়াম

ভারতের মুম্বাইয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) স্ত্রী কেট মিডলটনকে নিয়ে ইলেকট্রিক অটোরিকশা চালিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া ‘আর্থশট প্রাইজ’-এর চূড়ান্ত প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে এই ব্যতিক্রমী অভিজ্ঞতার মধ্য দিয়ে যান রাজকীয় দম্পতি। দিনটির পরবর্তী সময়ে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। খবর রয়টার্স। 

ভারতের আর্থিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে তিন দিনের সফরে রয়েছেন উইলিয়াম ও কেট। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা এবং সেগুলোর বাস্তবায়নে সহায়তা করাই আর্থশট প্রাইজের মূল লক্ষ্য। এ পুরস্কারের আওতায় নির্বাচিত পাঁচ বিজয়ী প্রত্যেকে তাদের প্রকল্পের পরিসর বাড়ানোর জন্য ১০ লাখ ব্রিটিশ পাউন্ড (প্রায় ১৩ লাখ মার্কিন ডলার) করে পান।

বুধবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে তাদের এ সফর শেষ হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালে ক্যানসারের চিকিৎসা নেওয়ার পর এটিই কেটের সবচেয়ে উল্লেখযোগ্য বিদেশ সফর।

মঙ্গলবার মুম্বাইয়ের আরব সাগরের ওপর নির্মিত বান্দ্রা-ওরলি সি লিংক সেতুসংলগ্ন একটি সমুদ্রতীরবর্তী এলাকায় ইলেকট্রিক অটোরিকশা চালিয়ে পৌঁছান প্রিন্স উইলিয়াম। এ সময় পেছনের আসনে বসে ছিলেন কেট। সেখানে আর্থশট প্রাইজের চূড়ান্ত প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। প্রতিযোগীদের সঙ্গে করমর্দনের পাশাপাশি একসঙ্গে ছবিও তোলেন রাজকীয় দম্পতি। পরে ছবিটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে তারা লেখেন, ‘আর্থশট প্রাইজের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে বিজয়ী ও চূড়ান্ত প্রতিযোগীর সংখ্যা বেশি। পৃথিবীকে রক্ষায় পরিবেশবান্ধব সমাধান খুঁজে বের করা এবং সেগুলোর বিস্তারে কাজ করছে এই বৈশ্বিক পরিবেশ পুরস্কার।’

৪৪ বছর বয়সী কেটের শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর তিনি প্রতিরোধমূলক কেমোথেরাপি নিয়েছিলেন। তবে ক্যানসারের ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। চিকিৎসার কারণে সে সময় রাজকীয় দায়িত্ব ও জনসম্মুখে উপস্থিতি অনেকটাই কমিয়ে দেন তিনি।

বর্তমানে ক্যানসারমুক্ত থাকলেও ধীরে ধীরে রাজকীয় দায়িত্বে ফিরছেন কেট। তবে এর আগে উইলিয়ামের বিদেশ সফরগুলোতে তাকে সঙ্গী হতে দেখা যায়নি। ২০২৪ সালের পর বিদেশে তার উল্লেখযোগ্য সফর ছিল গত মে মাসে ইতালিতে দুই দিনের একক সফর। শৈশবের প্রারম্ভিক বিকাশ নিয়ে নিজের কাজের অংশ হিসেবেই ওই সফরে গিয়েছিলেন তিনি।