গনপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে আসেননি কেউ 

ময়মনসিংহ নগরীর স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর পিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ নিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত কোনো স্বজন আসেননি। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ নিতে না এলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দাফনের ব্যবস্থা করার কথা জানিয়েছে পুলিশ।

মেহেদী হাসানের বাড়ি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন বলে স্থানীয়দের দাবি।

গত রবিবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেট সংলগ্ন সড়কে একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। 

সুরুজ জামান হত্যাকাণ্ডের পর গত রবিবার রাত ১টার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বাড়িতে আগুন দেওয়ার ঘটনা দেখতে সেখানে গেলে উত্তেজিত লোকজন মেহেদীকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম গণমাধ্যমকে জানান, সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
হাসপাতালে মরদেহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যার পর মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন মর্গে এসেছিলেন। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চেয়েছিলেন। তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে থানায় যেতে বলা হলেও তারা আর যাননি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, স্বজনেরা মরদেহ নিতে না এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশই দাফনের ব্যবস্থা করবে। মেহেদীর মরদেহ নিতে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাদের প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে।