চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় ওই ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিটিও ট্যাংকার ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় চারজন মুখোশধারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা দুই লোক মাস্টারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় তাদের কাছে থাকা দামী মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে।
ঘটনার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।