হলুদ জার্সিতে প্রায় দুই দশকের জাদুকরি অধ্যায় পেরিয়ে অবশেষে ব্যাটে-প্যাডে ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর সুদীর্ঘ ও অবিচ্ছেদ্য সম্পর্কে ছেদ পড়ছে না মোটেও। আইপিএল ২০২৭ মৌসুম থেকে নতুন এক ভূমিকায় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই সফলতম অধিনায়ক, এবার তাঁকে দেখা যাবে চেন্নাইয়ের ‘টিম মেন্টর’ বা দলীয় পরামর্শক হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ মঙ্গলবার এক পোষ্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্জাইজিটি।
মাঠের পিচে আর হেলমেট-প্যাড পরে নামতে না দেখা গেলেও তরুণ প্রজন্মকে পথ দেখাতে সিএসকের ডাগআউটেই থেকে যাচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’। ধোনির এই নতুন দায়িত্ব গ্রহণ নিয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে গভীর আবেগ ও শ্রদ্ধার বার্তা।
২০০৮ সালের উদ্বোধনী আসর থেকেই ধোনিকে চেন্নাইয়ের ঘরের ছেলে হিসেবে গড়ে তোলার পেছনের স্মৃতিচারণ করে ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী এন শ্রীনিবাসন বলেন, ‘সিএসকে মানেই এম এস ধোনি। গত প্রায় দুই দশক ধরে আমরা জয়, পতন এবং সবকিছুর মধ্য দিয়ে একসঙ্গে পথ হেঁটেছি এবং বড় হয়েছি। আমাদের সম্পর্কটি এত শক্তিশালী হওয়ার পেছনে একটিই কারণ রয়েছে: আমরা কখনো একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলিনি। এই বিশ্বাসের কারণেই আমাদের এই যাত্রাকে সম্ভব করে তুলেছে। ২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম যে ধোনির সিএসকের অংশ হওয়া উচিত। এটি আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে; ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর সমস্ত অর্জনের জন্য নয়, বরং তিনি মানুষ হিসেবে কেমন, তার জন্যই।’
ধোনি কেবল চেন্নাইয়ের একজন কিংবদন্তি নন, বরং বিশ্ব ক্রিকেটে এক অতুল্য রত্ন, যিনি মাঠের ভেতর ও বাইরে দলের সংস্কৃতিকে চিরতরে বদলে দিয়েছেন। দলের রূপান্তর ও তরুণদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে তাঁর এই নতুন মেন্টরিং ভূমিকা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে বিশ্বাস করেন ফ্র্যাঞ্চাইজির অপর স্বত্বাধিকারী রূপা গুরুনাথ। তিনি বলেন, ‘এম এস ধোনির মতো খেলোয়াড় শতাব্দীতে একবারই জন্মায়। আমরা অত্যন্ত ভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ যে তিনি শুরু থেকেই সিএসকের সঙ্গে আছেন এবং এই দলটির ভিত্তি গড়ে দিয়েছেন। এম শুধু চেন্নাই সুপার কিংসের একজন কিংবদন্তির চেয়েও অনেক বেশি কিছু। মাঠের ভেতর ও বাইরে তিনি আমাদের যা দিয়েছেন তা পরিমাপ করা যায় না। বিশেষ করে দলের এই রূপান্তর পর্বে তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের জন্য অমূল্য। দলে অনেক তরুণ খেলোয়াড় থাকায় তাঁর দিকনির্দেশনা সিএসকের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে সাহায্য করবে।’
আইপিএলের মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার চূড়ান্ত ডেডলাইনের মাত্র তিন ঘণ্টা আগে ধোনির এই ঘোষণা। এর মধ্য দিয়ে আইপিএলে প্রায় দুই দশকের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের অবসান ঘটল এম এস ধোনির। ২০০৮ সালে উদ্বোধনী আসর থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত থাকা এই কিংবদন্তি মাঝে চেন্নাইয়ের ওপর নিষেধাজ্ঞার দুই বছর (২০১৬ ও ২০১৭) রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেললেও, বাকি পুরোটা সময় কাটিয়েছেন হলুদ জার্সিতেই।
সিএসকেকে ৫টি আইপিএল ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেওয়া ধোনি ১৯ বছরের ক্যারিয়ারে ৫,৪৩৯ রান নিয়ে তাঁর আইপিএল অধ্যায়ের ইতি টানলেন, যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ৩৮.৩০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৪৫। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামের ঠিক আগে ধোনির এই নতুন মেন্টরিং ভূমিকা চেন্নাইয়ের স্কোয়াড গঠনেও দারুণ প্রভাব ফেলবে।
দলের এই ঐতিহাসিক পথচলা এবং ভালোবাসার মেলবন্ধন নিয়ে চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কে এস বিশ্বনাথন বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে এম এস যা অর্জন করেছেন তা প্রতিটি ভক্তের স্মৃতির মণিকোঠায় খোদাই করা আছে। তবে ধোনিকে যা সত্যিই বিশেষ করে তুলেছে তা হলো তিনি কীভাবে পুরোপুরি চেন্নাইয়ের একটি অংশে পরিণত হয়েছিলেন। তিনি শহরটিকে ভালোবেসেছিলেন এবং শহরটিও তাঁকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করেছিল। আমরা যখন পেছনে ফিরে তাকাই, ট্রফিগুলোর পাশাপাশি স্মরণ করব আমরা কীভাবে সেগুলো জয় করেছি। এটিই তাঁর আসল উত্তরাধিকার।’