কৃষকদল নেতার উপর হামলা: বিএনপি সভাপতি কারাগারে

দাউদকান্দি উপজেলা কৃষকদল নেতার মাথা ফাটানোর ঘটনায় দাউদকান্দি থানায় করা মামলায় গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল  মেজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফরহাদ রায়হান ভুইয়া এ আদেশ দেন। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান। আজ মঙ্গলবার  আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, গত বছর ৩ জুলাই গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহম্মেদ হোসেন তালুকদারকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। হামলায় মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। এঘটনায় পরদিন কৃষকদল নেতা আহম্মদ হোসেনের ছোট ভাই মো. শাহাদাত হোসেন তালুকদার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়। ওই বছরের ১৭ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন নেন মিজানুর রহমান। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পূর্বে নিন্ম আদালতে আত্মসমর্পণ করার কথা থাকলেও তিনি তা করেননি। দীর্ঘ প্রায় এক বছর পর আজ মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন।

আদালতের শুনানিকালে মামলার দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারার সুনির্দিষ্ট গুরুতর অভিযোগ এবং উচ্চ আদালতের  নির্দেশনা প্রতিপালন না করার বিষয়টি আদালতের নজরে আনেন বাদীপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফরহাদ রায়হান ভূঁইয়া আসামি মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং সি.ডব্লিউ. (কোর্ট ওয়ারেন্ট) মূলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলায় বাদীপক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও কুমিল্লা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ (রাফি)।

উল্লেখ, গত বছরের ৩জুলাই গোয়ালমারী ইউনিয়নের সুপার ফাইভ কমিটিতে মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। একইদিন উপজেলা  কৃষকদলের আহ্বায়ক আহম্মদ হোসেনের উপর হামলার ঘটনায় মিজানুর রহমানকে ৫ জুলাই দল থেকে বহিষ্কার করা হয়।  পরবর্তীতে মিজানুর রহমানকে গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি করা হয়েছে।