রূপালী ব্যাংকের মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী কৃষিঋণ বিতরণ কর্মসূচি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। এ কর্মসূচির আওতায় ৪ থেকে ৭ শতাংশ সুদে বিভিন্ন বিশেষ কৃষিঋণ ও পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে কৃষকদের ঋণ দেওয়া হবে।

রবিবার (১৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন রূপালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাহমিনা আখতার।

ব্যাংক সূত্রে জানা গেছে, কৃষি ও পল্লী ঋণ বিতরণ মাস উপলক্ষে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য ৭ শতাংশ সুদে বিশেষ কৃষিঋণ বিতরণ করা হবে। একই সুদে দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যেও ঋণ দেওয়া হবে।

এ ছাড়া গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৪ শতাংশ সুদের বিশেষ কৃষিঋণ বিতরণ করা হবে। পাশাপাশি ডাল, তৈলবীজ ও মসলাজাতীয় ফসল উৎপাদনে ৪ শতাংশ সুদের পুনঃঅর্থায়ন ও সুদ ভর্তুকি স্কিমের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের ঋণ দেওয়া হবে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শাহজাহান চৌধুরী, মো. মইন উদ্দিন মাসুদ ও আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগের উপমহাব্যবস্থাপক আব্দুল বারাকাতসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।