বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সমাবেশে তিনি বলেন, কাজিরা মুসলিম নর-নারীর বিয়ের মতো একটি পবিত্র দায়িত্ব পালন করেন। ঐতিহাসিককাল থেকেই বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধান কাজিদের মতামতকে গুরুত্ব দিয়ে আসছেন।
দুলু বলেন, বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে অসম্মানিত করা হতো। কিন্তু মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না, সত্য চিরকাল সত্যই থাকে। আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে ছিলেন বলেই সরকার ক্ষমতায় আসতে পেরেছে। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী।
তিনি আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলারও তীব্র নিন্দা জানান তিনি।
হুইপ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করেন। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র-সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়া সমিতির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সে ব্যবস্থাও করবেন বলে আশ্বাস দেন।
সমাবেশে সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।