টাঙ্গাইলে মওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকী পালিত

‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ এই স্লোগানে টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচি ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার সন্তোষ এলাকায় তার মাজার প্রাঙ্গণে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর মওলানা ভাসানীর পরিবার, বিএনপি ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মাজার প্রাঙ্গণে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’ শুরু হয়েছে। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।