সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের কর্মী আটক

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মী মো. মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ। অন্যদিকে, ভুক্তভোগীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মাহমুদুল হাসানকে আটক করা হয়। এর আগে, গতকাল সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগী নারীর।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক হওয়া মাহমুদুল হাসান সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নজরুল ইসলাম ও রেবা দম্পতির ছেলে।

ওই ভুক্তভোগী নারী চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করাতে হাসপাতালে যান। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগেও একই কথা জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। এরপর প্রস্রাবের নমুনা আনতে বলেন। নমুনা নিয়ে গেলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।

ওসির ভাষ্য অনুযায়ী, ওই নারী কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেন। পরে তার চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও তাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই নারী বাড়িতে গিয়ে স্বামীকে বিষয়টি জানান। তার স্বামী খোঁজখবর নিয়ে তাকে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগী নিজেই মামলার বাদী হয়েছেন। পরে পুলিশ অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করে।

সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। মঙ্গলবার দুপুরে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আমরাও ব্যবস্থা নেব।’