রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট হয়ে সংবর্ধিত শাহজাহান

হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন মাধবপুর উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধবপুরের নোয়াপাড়ায় আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ। 

এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির মাধবপুর উপজেলা শাখার সদস্য জহিরুল ইসলাম সিয়াম, রায়হান আহমেদ সম্রাট, কুতুবউদ্দিন, আবদুল্লাহ, মোখতাদির এমদাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সৈয়দ মো. শাহজাহান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রবাসীরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন।

সৈয়দ মো. শাহজাহান বলেন, ১৯৮০ সাল থেকে মাধবপুরবাসীর প্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে আসছেন তিনি। ভবিষ্যতেও জনকল্যাণে কাজ করে যেতে চান। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সালের সহযোগিতায় মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।