‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি এটি ১৭ নভেম্বর দেশ রূপান্তরে প্রকাশিত একটি সংবাদ; যে সংবাদটি স্পষ্ট করে আমাদের সমাজে নিরাপত্তা শব্দটির নাজুকতা। রক্তস্নাত বাংলাদেশের বাস্তবতায় দুর্বৃত্ত কিংবা সমাজবিরোধীদের এমন উচ্চারণ নতুন কিছু না হলেও পরিবর্তিত চিত্রে সৃষ্ট কথিত ‘নতুন বাংলাদেশ’-এর প্রেক্ষাপটে এ এক ভিন্ন মাত্রায় নবতর সংযোজন। বিগত অন্তর্বর্তী সরকারের শাসনামলে যে ‘মব’ জনমনে ত্রাস সৃষ্টি করেছিল, আইনের শাসনের প্রতি করেছিল বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে; সেই জামানা থেকে উত্তরিত বাংলাদেশে ফের ‘মব’-এর যে প্রলম্বিত ছায়া ইতিমধ্যে হয়েছে দৃশ্যমান এর ব্যাখ্যা-বিশ্লেষণে না গিয়েই প্রশ্ন রাখতে চাই, এমন দেশ ও সমাজ কি আমরা চেয়েছিলাম? আমাদের প্রত্যাশিত বাংলাদেশের একেকটি অধ্যায়ে জনঅধিকার ও জননিরাপত্তা শুধু দীর্ঘকাল ধরে শাসকদের উচ্চারণ-অঙ্গীকার আর প্রতিশ্রুতির বৃত্তবন্দিই থাকছে! এ থেকে মুক্তির পথ আর কত দূর এই জিজ্ঞাসা ফিরে ফিরে শান্তিপ্রিয়দের তটস্থ করে বটে, কিন্তু সর্বংসহা এই মাটি-সময়-প্রেক্ষাপট অনেক কিছু সয়ে-বয়ে চলেছে। এসবের প্রতিকার-প্রতিবিধান করার দায়দায়িত্ব যাদের তাদের ব্যর্থতা কিংবা অন্য কোনো সমীকরণে বন্দি, পার্থক্য শুধু সময় বয়ে যায় আর নিত্যনতুন উপসর্গ দেখা দেয়। কিন্তু এখন এমনটি অনেকটাই ছিল অপ্রত্যাশিত।
দেশ রূপান্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদটিতে চট্টগ্রামের একটি খণ্ডিত চিত্র উঠে এলেও, বিগত এক বছরে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের আগ্নেয়াস্ত্র থেকে নিক্ষিপ্ত গুলিতে বহু প্রাণ ঝরে গেছে, বহু পরিবারে সৃষ্টি হয়েছে ক্ষতের ওপর ক্ষত। চট্টগ্রামে তো বটেই, ঢাকাসহ দেশের বিভিন্ন নগরে-শহরে এমন কি গ্রামেও সৃষ্ট বেদনার বহু উপাখ্যান এটুকুই তুলে ধরেছে, পরিবর্তিত বাংলাদেশেও মানুষ অসহায়ের গ-িতেই আবদ্ধ। সংবাদে বলা হয়েছে, চট্টগ্রামে এক বাড়িতে গুলি করার পর গৃহকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ১৫ নভেম্বর গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি করার ঘটনা ঘটে। বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিনের ভাষ্য পড়েছি সংবাদমাধ্যমেই। তিনি বলেছেন, ‘বাড়ির মালিক জাফর নামের এক ব্যক্তি। তিনি ভূমি বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত। তার কাছ থেকে ২০ লাখ চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং কারা এর সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করার কাজ করছি।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আর বাড়ির মালিকের অভিযোগ, রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পেয়ে তার বাড়িতে গুলি করা হয়েছে। ওসি ওই যে বললেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি...’ এ রকম গৎ বাঁধা কথা শুনতে শুনতে আমরা ক্লান্ত। ‘দেখি’, ‘করছি’, ‘হবে’, ‘হচ্ছে’ এই শব্দগুলো আমাদের বাস্তবতায় যে জটাজাল তৈরি করে রেখেছে, এর একটা ছিন্ন হতে না হতেই তৈরি হয় ফের আরেকটি দুঃসহ প্রেক্ষাপট। তা হলে কি এটা আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে? না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে, দায়িত্বশীলদের ব্যর্থতার মাশুল গুনতে হবে নাগরিক সমাজকে এবং প্রতিশ্রুতির স্রোতে অধিকার ভেসে যেতেই থাকবে?
তাকাই খুলনার দিকে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ খুলনা এক সময় ছিল চরমপন্থিদের অভয়ারণ্য। খুন, চাঁদাবাজি, ডাকাতিসহ নেতিবাচক বহুবিধ ঘটনা জনজীবনের শান্তি-স্বস্তি বিনষ্টের শুধু কারণ হয়ে দাঁড়ায়নি, সর্বক্ষণ মানুষের বসবাস ছিল ত্রাসের বৃত্তে। অতীতে স্থানীয় রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামসহ অনেকে প্রাণ হারিয়েছেন দুর্বৃত্তদের ছোবলে। ১৪ নভেম্বর ‘আতঙ্কের জনপদ খুলনা, ১০ মাসে ৮ বিএনপি নেতা খুন’ শিরোনামে দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনটি সেই দুঃসহ স্মৃতি সামনে নিয়ে এসেছে। শিল্পনগরী খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাড়ে ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় অন্তত ৭৯টি খুনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি খুনের শিকার হয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পুলিশের অপরাধ শাখা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, খুলনায় সংঘটিত ৭৯টি হত্যাকাণ্ডের মধ্যে মহানগর এলাকায় ৩৯ এবং মহানগরের বাইরে ৪০ জন নিহত হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ কি সন্ত্রাসীদের শিকড় উৎপাটন করতে পেরেছে?
এ রকম পরিসংখ্যান দেওয়া যাবে অনেক। একটি অনলাইনে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর “চট্টগ্রামের বায়েজিদে ‘চাঁদার দাবিতে’ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি” শিরোনামে প্রকাশিত এই সংবাদটির প্রতিবেদনের গর্ভে উঠে এসেছিল আরও ভয়ংকর কিছু তথ্য। চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাঁদার দাবিতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি চালিয়ে এবং শ্রমিকদের মারধর করে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিল সন্ত্রাসীরা। এর পরের উপাখ্যান আরও দীর্ঘ। ‘বড় সাজ্জাদের প্রশ্রয়ে অপরাধ কর্মে ছোট সাজ্জাদ : পুলিশ’ এই বার্তাটিও ১৬ মার্চ ২০২৫ সালে প্রকাশিত হয় ওই অনলাইনেই। এ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের গর্ভেও যা ছিল তাও অন্তহীন জিজ্ঞাসার ক্ষেত্র তৈরি করে। সরকার বদলায় আর সারা দেশে সাজ্জাদরা রঙ পাল্টায়। কথিত ‘বড় ভাই’ কিংবা ‘পিতা’দের আশ্রয়ে-পশ্রয়ে এবং তাদের লাভালাভের সমীকরণে সাজ্জাদরা হয় ব্যবহারিক পণ্য আর মানুষের অবস্থা হয়ে দাঁড়ায় ত্রাহি ত্রাহি।
ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন সরকারের অনেক নেতাই অন্তর্বর্তী সরকারের শাসনামলে ত্রাসের রাজত্বে বহুবার উচ্চারণ করেছেন, “এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। এর দৃষ্টান্তযোগ্য প্রতিবিধান করতে হবে। আমরা ক্ষমতায় গেলে সবার আগে গুরুত্ব দেব জননিরাপত্তায় এবং চলমান ‘মব’-এরও প্রতিবিধান করব।” তারা জনরায়ে ক্ষমতার দণ্ডধারী হয়েও জননিরাপত্তা নিশ্চিতকরণে ইতিমধ্যে বহুবার এও উচ্চারণ করেছেন, ‘সন্ত্রাসী-সমাজবিরোধীদের কোনো ছাড় নয়’। সাধুবাদযোগ্য কথা। কিন্তু বাস্তবতা কী? দেশের সর্বত্র সন্ত্রাসী, চাঁদাবাজরা বিষাক্ত নিঃশ্বাস ফেলছে আর সাধারণ মানুষের জীবনযাপন আতঙ্কের ছায়াবৃত হচ্ছে। মানবসভ্যতার অগ্রগতির প্রধান ভিত্তি হলো আইনের শাসন ও ন্যায়বিচার। কিন্তু সাম্প্রতিক সময়ে সমাজে ‘মব জাস্টিস’ বা ‘মব সন্ত্রাস’ নামক ভয়ংকর প্রবণতা ফের মাথাচাড়া দিয়ে উঠায় প্রতীয়মান হয়, আইনের শাসন ও ন্যায়বিচার থেকে আমরা এখনো কত দূরে। প্রচলিত আইন ও বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ যখন নিজেই বিচারকের আসনে বসে কাউকে শাস্তি দেয়, তখন তা আর ন্যায়বিচার থাকে না; বরং তা পরিণত হয় নৃশংস সন্ত্রাসে। এ পরিস্থিতির সবচেয়ে করুণ দিক হলো, এর শিকার হয়ে মানুষকে প্রাণ হারাতে হচ্ছে, বিপর্যস্ত হতে হচ্ছে। রাষ্ট্রে আইনের শাসন দুর্বল হয়ে পড়ছে এবং অপরাধীরা এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আইন ও আদালত। কারোর আক্রোশ কিংবা বলবানদের প্রসারিত লোমশ হাত তো ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়তে হলে যেকোনো মূল্যে ‘মব’ সন্ত্রাস রুখে দিতেই হবে।
সময়ের স্রোতে সভ্যতা যতই এগিয়ে যাক, মানুষ নামের কিছু দুপায়া জীবের ভেতরের আদিম হিংস্রতা আজও বিলীন হয়নি। বরং সাম্প্রতিক সময়ে কেন আবার ‘মব জাস্টিস’ বা ‘মব সন্ত্রাস’ নামক ভয়ংকর ব্যাধি সামাজিক ও মানবিক ভিত্তিকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে, এর অনুসন্ধান জনস্বার্থে তো বটেই, সরকারের স্বার্থেও জরুরি। কারণ এই একটা বিষয়ই স্বাধীন দেশে কয়েকবার সরকারের ভীত নাড়িয়ে দিয়েছে। বিচারের বাণী যেখানে নীরবে নিভৃতে কাঁদে, যেখানে বলবানরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে তাণ্ডব চালান, তা কোনো সুস্থ ও সভ্য সমাজের চিত্র হতে পারে না। যুক্তরাষ্ট্রের রাজনীতিক আর্নল্ড শোয়ার্জনেগার বলেছেন, ‘সরকারের প্রথম কর্তব্য এবং সর্বোচ্চ দায়িত্ব হলো জননিরাপত্তা।’ আর যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের অন্যতম রাষ্ট্রনায়ক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জননিরাপত্তার ব্যাপারে বলেছেন, ‘এক আউন্স প্রতিরোধ এক পাউন্ড প্রতিকারের চেয়ে অনেক বেশি মূল্যবান।’ আমাদের ভাগ্য নিয়ন্ত্রকরা নিশ্চয় জানেন নিরাপত্তা ব্যয়বহুল নয়, কিন্তু এটি অমূল্য। নিরাপত্তা ছাড়া মানুষের জীবন নিঃসঙ্গ, পাশবিক এবং সংক্ষিপ্ত হয়ে পড়ে, এ কথাও যেন তারা স্মরণে রাখেন। আরও মনে রাখা বাঞ্ছনীয়, যেখানে আইনের শাসন শেষ হয়, সেখান থেকেই অরাজকতা ও নিরাপত্তাহীনতার শুরু হয়। নিরাপত্তা নিশ্চয় কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি সঠিক পরিকল্পনা ও নির্মোহ আইন প্রয়োগের ফসল। নিরাপত্তাই সবার আগে, নিরাপত্তাই সবসময় এবং সব জায়গায়। চট্টগ্রামের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সামগ্রিক অবনতিশীল পরিস্থিতির আরও একটি নজির। একটি রাষ্ট্রের প্রধান ভিত্তিই হলো তার নাগরিকদের নিরাপত্তা। প্রাচীন রোমান দার্শনিক মার্কাস টুলিয়াস সিসেরো হাজার বছর আগেই বলেছেন, ‘জনগণের কল্যাণ ও নিরাপত্তাই হোক রাষ্ট্রের সর্বোচ্চ আইন।’ এটা নিখাদ সত্য যেখানে নিরাপত্তা নেই, সেখানে উন্নয়ন অর্থহীন। চট্টগ্রামের রায়হানরা যে আঁতুড়ঘরে ‘পয়দা’ হয় তা ভাঙুন, তা না হলে এক রায়হান যাবে, সারা দেশে আসবে আরও রায়হান এবং আসতেই থাকবে। কেউই রায়হান হয়ে জন্মায় না। রায়হান হয়ে উঠে ‘বড় ভাই’ কিংবা বলবান ‘পিতা’দের প্রতিপালনে এবং এক পর্যায়ে ওরা হয় দানব।
লেখক : সাংবাদিক, কবি ও বিশ্লেষক।
deba_bishnu@yahoo.com