রওজা মোবারকে শফিকুজ্জামানের সোনালি ক্যালিগ্রাফি

মসজিদে নববী মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও পবিত্র স্থান। এই মসজিদের সৌন্দর্যবর্ধনে কয়েক দশক ধরে কাজ করছেন পাকিস্তানি ক্যালিগ্রাফি শিল্পী শফিকুজ্জামান। কোরআনে কারিমের আয়াত, হাদিসের বাণী ও শিক্ষণীয় কথা ক্যালিগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলছেন তিনি। দীর্ঘ ৩৬ বছর ধরে তার এই শিল্পকর্ম মসজিদে নববীর নান্দনিক সৌন্দর্যে যুক্ত করছে বিশেষ মাত্রা।

মসজিদে নববীর প্রাচীন অংশের গম্বুজ, দেয়াল, দরজা এবং রওজা মোবারকের বিভিন্ন প্যানেলে রয়েছে তার ক্যালিগ্রাফি। এসব প্যানেলের কয়েকটিতে ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেট সোনার কালি। উর্দু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শফিকুজ্জামান জানান, মসজিদে নববীতে ক্যালিগ্রাফির আরও অনেক কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করতে কাজ চলছে।

রওজা মোবারকে স্থাপিত কোরআনের আয়াতসংবলিত তিনটি ক্যালিগ্রাফি প্যানেল তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম। এগুলো তৈরি করতে প্রায় দেড় বছর সময় লেগেছে। প্রতিটি প্যানেলের ক্যালিগ্রাফি সম্পন্ন করতে ছয় মাস করে কাজ করেছেন তিনি। নিজের হাতে প্যানেলগুলো স্থাপনের সুযোগও পেয়েছেন। সেই মুহূর্তের স্মৃতি স্মরণ করে তিনি জানান, কাজটি করার সময় আবেগে তার চোখে পানি চলে এসেছিল। বর্তমানে রওজা মোবারকের জন্য নতুন নকশার উঁচু-নিচু ক্যালিগ্রাফি প্যানেল তৈরি করছেন শফিকুজ্জামান। লেজার প্রযুক্তিতে কাটা অক্ষরের সঙ্গে সোনার প্রলেপ দেওয়া স্টিল ব্যবহার করে তৈরি হচ্ছে এসব প্যানেল। তার দাবি, এগুলো অন্তত ৩০০ বছর টিকে থাকতে পারে। এক বছরের মধ্যে কাজ শেষ করার আশা করছেন তিনি।

প্রচলিত অর্থে কোনো শিক্ষকের কাছে ক্যালিগ্রাফি শেখেননি এই শিল্পী। তবে তুরস্কের বিখ্যাত ক্যালিগ্রাফার হামিদ আল-আমাদিকে নিজের আধ্যাত্মিক শিক্ষক মনে করেন। সম্প্রতি জেদ্দায় পাকিস্তান কনস্যুলেট আয়োজিত ‘ওয়াহিদ’ শিল্প প্রদর্শনীতেও স্থান পেয়েছে তার পাঁচটি শিল্পকর্ম। ঐতিহ্যবাহী শিল্পকৌশলের সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শফিকুজ্জামানের কাজ মসজিদে নববীর সৌন্দর্য ও ইসলামি ক্যালিগ্রাফির ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।