মুসলিম পরিচয় ও আত্মোপলব্ধি

মুসলিম পরিবারে জন্মগ্রহণের সুবাদে মানুষ মুসলিম পরিচয় লাভ করে। এটি মহান আল্লাহর মূল্যবান নেয়ামত। এই পরিচয়ের প্রকৃত সৌন্দর্য ও তাৎপর্য তখনই বিকশিত হয়, যখন মানুষ ইসলামকে জানে, বোঝে, উপলব্ধি করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতনভাবে তা অনুসরণ করে। কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন, যা মানুষের চিন্তা, বিশ্বাস, চরিত্র, ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক, সামাজিক আচরণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সুশৃঙ্খল ও কল্যাণমুখী করে।

দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের সমাজে অনেকেই মুসলিম পরিচয় ধারণ করেন, কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে জানার আগ্রহ খুব কম। কেউ পরিবার থেকে পাওয়া কিছু ধর্মীয় অভ্যাস পালন করেন, কেউ সমাজের প্রচলিত রীতিকে ধর্মীয় অনুশাসন মনে করেন, আবার কেউ শোনা কথার ওপর নির্ভর করেই ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত নেন। ফলে অনেক ক্ষেত্রে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা তৈরি হয় খণ্ডিত অভিজ্ঞতা, লোকাচার কিংবা আবেগনির্ভর বিশ্বাসের ভিত্তিতে। অথচ যে ধর্মের প্রথম অবতীর্ণ বাণীই ছিল ‘পড়ো’, সেই ধর্মের অনুসারীদের মধ্যে জ্ঞানার্জন ও উপলব্ধির এমন অনীহা সত্যিই ভাবনার বিষয়। পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ আয়াতে মহান আল্লাহ বলেন, ‘পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।’ (সুরা আলাক ১)

লক্ষ করার বিষয়, ইসলামের সূচনালগ্নেই মানুষকে জ্ঞানার্জনের আহ্বান জানানো হয়েছে। এখানে পড়ার নির্দেশ কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি সৃষ্টিজগৎ, জীবন, নিজের অস্তিত্ব এবং স্রষ্টার পরিচয় সম্পর্কে জানার এক বিস্তৃত দিগন্ত উন্মোচন করে। ইসলাম মানুষকে চিন্তাহীন অনুসারী হতে শেখায় না। ইসলাম জ্ঞান, বিবেক ও উপলব্ধির আলোকে জীবন পরিচালনার শিক্ষা দেয়।

কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান?’ (সুরা জুমার ৯)

এই আয়াত জ্ঞানের মর্যাদা ও অজ্ঞতার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে। একজন মুসলিমের কাছে দ্বীনি জ্ঞান হলো আল্লাহর ইবাদত করা, হালাল-হারাম চেনা, মানুষের অধিকার রক্ষা করা এবং দায়িত্বশীল জীবন পরিচালনার অপরিহার্য উপকরণ।

ইসলাম মানুষকে কোনো বিষয় না বুঝে প্রচলিত ধারার অনুসারী হতে উৎসাহিত করে না। ইসলাম সত্যকে জানা, তার প্রমাণ অনুধাবন করা এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে তা গ্রহণ করার শিক্ষা দেয়। পবিত্র কোরআনে ইবরাহিম (আ.)-এর একটি ঘটনা এ প্রসঙ্গে বিশেষভাবে প্রণিধানযোগ্য। ইরশাদ হয়েছে, ‘যখন ইবরাহিম বলল, হে আমার রব! আমাকে দেখান, কীভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন? তিনি বললেন, তুমি কি বিশ্বাস করো না? সে বলল, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়।’ (সুরা বাকারা ২৬০)

এখানে ইবরাহিম (আ.)-এর ইমানের কোনো ঘাটতি ছিল না। বরং তার আকাক্সক্ষা ছিল বিশ্বাসের সঙ্গে প্রত্যক্ষ উপলব্ধির সংযোগ ঘটানো। এ ঘটনা আমাদের শেখায়, জ্ঞান ও উপলব্ধির গভীরতা মানুষের বিশ্বাসকে আরও প্রশান্ত ও সুদৃঢ় করে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞানার্জন করা ফরজ।’ (সুনানে ইবনে মাজাহ ২২৪)

এখানে প্রত্যেক মুসলিমের জন্য প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝানো হয়েছে। অর্থাৎ নামাজ কীভাবে আদায় করতে হয়, লেনদেনে কোনটি হালাল আর কোনটি হারাম, মানুষের অধিকার কী, পরিবার পরিচালনার দায়িত্ব কী, এসব মৌলিক বিষয় না জেনে একজন মানুষের পক্ষে যথার্থ জীবন গড়ে তোলা সম্ভব নয়।

জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা মেনে চলার নামই ইসলাম। একজন মানুষ নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু একই সঙ্গে তার ব্যবসায় সততা, কথাবার্তায় সত্যবাদিতা, লেনদেনে স্বচ্ছতা, পারিবারিক জীবনে দায়িত্বশীলতা এবং সামাজিক আচরণে মানবিকতা থাকা জরুরি। কারণ ইবাদত ও জীবনাচরণ ইসলামে পরস্পর বিচ্ছিন্ন নয়।

অনেক সময় দেখা যায়, মানুষ ধর্মীয় কিছু আনুষ্ঠানিকতা পালনে যতটা আগ্রহী, সেগুলোর অন্তর্নিহিত শিক্ষা নিজের জীবনে বাস্তবায়নে ততটা সচেতন নন। নামাজ আদায় করছেন, অথচ ব্যবসায় প্রতারণা করছেন। রোজা রাখছেন, অথচ মানুষের অধিকার নষ্ট করছেন। ধর্মীয় আলোচনা করছেন, অথচ কথাবার্তায় মিথ্যা ও পরনিন্দা থেকে বেঁচে থাকতে পারছেন না।

মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত ৪৫)

কোরআনে নামাজের অন্যতম ফলাফল হিসেবে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত থাকার কথা বলেছে।

ইবাদতের প্রকৃত প্রভাব মানুষের চিন্তা ও আচরণে প্রতিফলিত হওয়া প্রয়োজন। আর সেই প্রভাব যথাযথভাবে উপলব্ধি করতে হলে ইবাদতের শিক্ষা ও উদ্দেশ্য সম্পর্কে জানাও জরুরি।

ইসলাম পূর্বপুরুষদের ভালো ঐতিহ্য ও দ্বীনি অনুশীলনকে অস্বীকার করে না। বরং প্রজন্ম থেকে প্রজন্মে দ্বীনি শিক্ষা, মূল্যবোধ ও উত্তম চরিত্রের উত্তরাধিকার বহমান রাখার প্রতি গুরুত্ব দেয়। তবে কোনো কাজ শুধু বাপ-দাদাকে করতে দেখেছি কিংবা সমাজে প্রচলিত আছে, এটুকুই তার যথার্থতার প্রমাণ হতে পারে না। কোনো বিশ্বাস বা আমল ইসলামের শিক্ষা কি না, তা জানার চেষ্টা করতে হবে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ এমন অন্ধ অনুকরণের সমালোচনা করেছেন, যেখানে মানুষ সত্য-মিথ্যা যাচাই না করে কেবল পূর্বপুরুষদের পথ অনুসরণ করে। (সুরা বাকারা ১৭০)

এখানে একটি ভারসাম্যপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। প্রত্যেক মুসলিমের পক্ষে কোরআন-হাদিস থেকে নিজে নিজে সব বিধান বের করা সম্ভব নয়। এ জন্য যোগ্য আলেমদের কাছে জিজ্ঞাসা করা, ইসলামি জ্ঞান অর্জন করা এবং বিশেষজ্ঞদের নির্দেশনা অনুসরণ করাও দ্বীনি দায়িত্বের অংশ। মহান আল্লাহ বলেন, ‘তোমরা যদি না জানো, তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো।’ (সুরা নাহল ৪৩)

সুতরাং সচেতন মুসলিম হওয়ার অর্থ হলো নির্ভরযোগ্য সূত্র থেকে সত্য জানা এবং তা অনুযায়ী জীবন পরিচালনা করা।

জ্ঞানভিত্তিক ইসলামি জীবনাদর্শের প্রয়োজন শুধু মসজিদ-মাদ্রাসা কিংবা ধর্মীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষক যখন শিক্ষার্থীর প্রতি ন্যায়বিচার করেন, একজন চিকিৎসক যখন পেশাগত দায়িত্বে সততা বজায় রাখেন, একজন ব্যবসায়ী যখন মাপে কম দেন না, একজন কর্মকর্তা যখন ক্ষমতার অপব্যবহার করেন না, একজন অভিভাবক যখন সন্তানের নৈতিক ও মানসিক বিকাশের দায়িত্ব পালন করেন, তখনই ইসলামের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।’ (সহিহ বুখারি ৭১)

এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন মানুষের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ। তাই একজন মুসলিমের জীবনে জ্ঞানার্জনের আগ্রহ কখনো শেষ হওয়ার কথা নয়।

আমাদের সন্তানদেরও শুধু মুসলিম পরিবারে জন্ম নেওয়ার সুবাদে ধর্মীয় পরিচয় বহনকারী হিসেবে গড়ে তুললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের ইসলাম সম্পর্কে জানতে দিতে হবে, প্রশ্ন করার সুযোগ দিতে হবে, কোরআনের শিক্ষা বুঝতে শেখাতে হবে এবং ইসলামের সৌন্দর্য ও যৌক্তিকতা তাদের সামনে তুলে ধরতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও সামাজিক পরিমণ্ডলসহ সবখানেই জ্ঞানভিত্তিক দ্বীনি চর্চার পরিবেশ তৈরি করতে হবে।

বিশেষ করে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একজন মানুষ প্রতিনিয়ত অসংখ্য মতবাদ, দর্শন ও জীবনধারার মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে কেবল আবেগনির্ভর ধর্মীয় পরিচয় যথেষ্ট নয়। প্রয়োজন বিশুদ্ধ জ্ঞান, সুস্থ চিন্তা, দৃঢ় বিশ্বাস এবং বাস্তব জীবনে ইসলামের অনুশীলন। নতুবা ভুল তথ্য, অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা সহজেই মানুষের চিন্তাজগতে প্রভাব ফেলতে পারে।

আমাদের মনে রাখতে হবে, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা আল্লাহর বিশেষ অনুগ্রহ। সেই অনুগ্রহের যথাযথ মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। পরিচয়কে উপলব্ধিতে, উপলব্ধিকে বিশ্বাসে এবং বিশ্বাসকে আমলে রূপান্তরিত করতে হবে। ইসলামকে শুধু জানার বিষয় হিসেবে নয়, জীবনের প্রতিটি সিদ্ধান্তের পথনির্দেশক হিসেবে গ্রহণ করতে হবে।

লেখক : শিক্ষক, জামিয়া দারুল উলূম আল-ইসলামিয়া,পল্লবী, মিরপুর ১২