রুয়ান্ডায় ইউরোপীয় ৫ দেশের অভিবাসী নির্বাসনকেন্দ্র

অভিবাসন নিয়ন্ত্রণ ও অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করতে রুয়ান্ডায় একটি কেন্দ্র খুলতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ দেশ। ২০২৭ সালে চালু হতে যাওয়া এ কেন্দ্রে জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস থেকে অভিবাসীদের পাঠানো হবে। গত সোমবার নেদারল্যান্ডস ও ডেনমার্ক সরকারের পৃথক বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানানো হয়। দেশগুলো জানিয়েছে, যেসব অভিবাসীর নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ রয়েছে এবং পাঁচ দেশে বৈধভাবে থাকার সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে, শুধু তাদের ক্ষেত্রেই এ ব্যবস্থা কার্যকর হবে।

নেদারল্যান্ডস জানিয়েছে, নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে এই কেন্দ্র বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে। সেখানে যাওয়া অভিবাসীরা চাইলে রুয়ান্ডার সমাজে একীভূত হতে পারবেন, অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন। এ পরিকল্পনা যুক্তরাজ্যের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা প্রকল্পের মতো নয়। আগের ওই প্রকল্পে আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাইয়ের জন্য রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল। আইনি জটিলতায় সেটি বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসা লেবার সরকার প্রকল্পটি বাতিল করে। তবে যুক্তরাজ্য নতুন উদ্যোগে যুক্ত হবে কি না, সে বিষয়ে ডাউনিং স্ট্রিট এখনো সিদ্ধান্ত জানায়নি।